দুই বখাটেকে এক বছর করে কারাদণ্ড
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করায় দুই তরুণকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ওই শাস্তি দেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পাবুর গ্রামের শামসুল হকের ছেলে আমিনুল ইসলাম ও শ্রীপুর উপজেলার মিডালু গ্রামের আবদুর রউফের ছেলে মনির হোসেন।
এলাকার অনেকে ও পুলিশ জানায়, বিকেল চারটার দিকে কাপাসিয়ার একটি উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রী বাড়ি ফিরছিল। পথে আমিনুল ও মনির তার পথ রোধ করে যৌন হয়রানির চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে দুই তরুণকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে সন্ধ্যা ছয়টার দিকে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ইউএনও আলাউদ্দিন আলী প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
কাপাসিয়া থানার ওসি আহসান উল্লা জানান, ওই দুজনের বিরুদ্ধে থানায় এর আগেও একাধিক অভিযোগ রয়েছে।