বখাটের ছুরিকাঘাতে বরিশাল নগরের ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তিযোদ্ধা জিন্নাত আলী নিহত হওয়ার ঘটনায় করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।থানা সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে বখাটে রূপম দে’কে (২৪) হত্যাকারী ও মনোয়ার হোসেন ওরফে টাপ্পুকে (২২) সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে এ ঘটনায় সম্পৃক্ত থাকার প্রমাণ না পাওয়ায় গ্রেপ্তার করা আরিফুর রহমান ওরফে মিঠুকে (২৩) এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।রূপমের স্বীকারোক্তির বরাত দিয়ে অভিযোগপত্রে বলা হয়, শিক্ষক জিন্নাতকে হত্যার ঘটনায় সব ধরনের সহায়তা দেন টাপ্পু। হত্যাকাণ্ডে ব্যবহূত ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে যাওয়া এবং জিন্নাতকে ছুরিকাঘাত শেষে মোটরসাইকেল ফেরত দেওয়ার কাজও করেন টাপ্পু। হত্যাকাণ্ডের পর রূপমকে গ্রেপ্তার করা হয়। কিন্তু টাপ্পু পলাতক রয়েছেন। টাপ্পু ও রূপমের বাড়ি নগরের ভাটিখানা এলাকায়। অভিযোগপত্র দাখিলের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, আসামি টাপ্পুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।প্রসঙ্গত, কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের অভিযোগে রূপমের বিরুদ্ধে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিক্ষক জিন্নাত। এর জেরে জিন্নাতকে গত ২৫ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে নগরের রূপাতলী এলাকায় বখাটে রূপম ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য ২৬ নভেম্বর ঢাকায় নেওয়ার পথে জিন্নাত মারা যান। নিহত শিক্ষকের বাড়ি নগরের রূপাতলী এলাকায়।এ ঘটনায় নিহত জিন্নাতের স্ত্রী কাজী শিরীন আক্তার বাদী হয়ে রূপম ও মিঠুর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।