দুই বগি লাইনচ্যুত ১২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-সিলেট রেলপথে ১২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। গত সোমবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং পরদিন গতকাল মঙ্গলবার সকাল সাতটা ২৫ মিনিটে লাইনে ট্রেন চলাচল শুরু হয়। কুলাউড়া রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, ৯৫২ নম্বর তেলবাহী ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ঢাকা-সিলেট রেলপথের কুলাউড়া উপজেলার ভাটেরা রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেট-ঢাকা এবং সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে কুলাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি উদ্ধার ও লাইন মেরামত করে। এই ঘটনায় সিলেটমুখী আন্তনগর কালনী, জয়ন্তিকা, উপবন ও উদয়ন কুলাউড়া রেলওয়ে জংশনে আটকা পড়ে। অপর দিকে সিলেট থেকে উপবন, উদয়ন, জালালাবাদ ও সুরমা মেইল ট্রেন যথাসময়ে ছাড়তে পারেনি। এ ঘটনায় কুলাউড়া রেলওয়ে জংশনের ট্রাফিক পরিদর্শক (পরিবহন), ঊর্ধ্বতন প্রকৌশলী (পথ), ঊর্ধ্বতন প্রকৌশলী (সিগন্যাল) ও ঊর্ধ্বতন প্রকৌশলীকে (ট্রেন পরীক্ষক) সদস্য করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে।