দুই বছর ক্ষমতায় থাকাই বড় দুর্নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের নামে তিন মাসের মধ্যে নির্বাচনের কথা বলে যাঁরা নিজেদের শাসন, নিজেদের ব্যক্তিগত স্বার্থে দুই বছর ক্ষমতায় ছিলেন, এর চেয়ে বড় দুর্নীতি আর কী হতে পারে।এখন সময় এসেছে এঁদের বিরুদ্ধে কথা বলার, এঁদের মুখোশ উন্মোচন করার।’
আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পুলিশের বর্তমান সেবায় জনতুষ্টি-সম্পর্কিত এক গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজধানীর ঢাকার ৪৬টি থানায় বিভিন্ন অভিযোগ নিয়ে আসা ৬১৭ জনের মতামতের ওপর এই গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওপর এই প্রতিবেদন তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম।
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কে এম সা’দ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিক, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদের নেতৃত্বে ১৪০ পৃষ্ঠার গবেষণা প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ৬১৭ জনের মধ্যে ৮২ শতাংশ মতামত দেওয়া ব্যক্তি পুলিশি সেবায় সন্তোষ প্রকাশ করেছেন।৫৪ দশমিক ৫ শতাংশ মানুষ বলেছেন, পুলিশের সেবা নেওয়ার জন্য তাঁদের কোনো ঘুষ দিতে হয়নি।
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘পুলিশ এমন একটি পেশা, যাঁরা সব সময় হাততালি পাবেন না।তাঁদের গালিও খেতে হয়।তবে শুধু গালি খাওয়া দুঃখজনক।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সমালোচনা করে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, ‘আমরা অন্যায্য ও নিষ্ঠুর সমালোচনার সম্মুখীন হই।বলা হয় পুলিশ দুর্নীতিতে ১ নম্বর।কিন্তু এই গবেষণায় ৮১ শতাংশ মানুষ জানান, তাঁরা থানায় পুলিশের ভালো ব্যবহার পেয়েছেন, প্রায় ৫৫ শতাংশ মানুষ যখন বলেছেন পুলিশকে তাঁদের ঘুষ দিতে হয়নি, তাহলে পুলিশ কীভাবে দুর্নীতিগ্রস্ত হয়?