দুই বছর ঢোল পেটানোর পর দরপত্র বাতিল
নির্বাচন কমিশন গত দুই বছরেও কেন্দ্রীয় ভোটার তথ্যভান্ডারের সঙ্গে উপজেলার সার্ভার স্টেশনকে যুক্ত করতে পারেনি। উল্টো কাজটির পুরো প্রক্রিয়া বাতিল হয়ে গেছে। অভিযোগ উঠেছে, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে না পারায় বাতিল করা হয়েছে প্রক্রিয়াটি।
এখন এ কাজের জন্য নতুন করে দরপত্র আহ্বান করা হলে তা শেষ করতে কমপক্ষে দুই বছর লাগবে। ফলে এই সময়কালে পরিচয়পত্র নিয়ে কিছু হলে যেকোনো ভোটারকে ঢাকায় আসতেই হবে। আর এসে দালালের খপ্পরে পড়ার আশঙ্কা তো থাকছেই।
কমিশন ভোটারদের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) দেওয়া ও ভিপিএন সংযোগের জন্য ২০১১ সালে আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিস (আইডিয়া) প্রকল্প গ্রহণ করে। এ জন্য বিশ্বব্যাংকের সঙ্গে ১৯ কোটি ৫০ লাখ ডলারের (দেড় হাজার কোটি টাকার বেশি) ঋণ চুক্তি করে।
প্রকল্প পরিকল্পনা অনুযায়ী ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) সংযোগের কাজ শেষ হওয়ার কথা ছিল এ বছরের জুনের মধ্যে। এই সংযোগ স্থাপন করা হলে উপজেলায় বসে জরুরি ভিত্তিতে নতুনদের ভোটার করা, হারানো কার্ড সংগ্রহ ও ভোটারের তথ্য সংশোধন করা সম্ভব হবে। স্মার্ট কার্ড ছাপার জন্যও এটা জরুরি। ২০০৮ সালে যাঁরা ভোটার হয়েছেন, গত সাত বছরে তাঁদের ব্যক্তিগত তথ্যে অনেক পরিবর্তন এসেছে। ভিপিএন সংযোগ তৈরি হলে উপজেলা বা থানা পর্যায়ে এসব তথ্য সংশোধন করা সম্ভব হবে। তথ্য সংশোধনের পাশাপাশি জরুরিভাবে নতুন ভোটার হওয়া বা হারানো কার্ড সংগ্রহ করা সহজ হবে।
ভিপিএন সংযোগের জন্য নির্বাচন কমিশনের নিবন্ধন বিভাগ ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করে। ১৯ ডিসেম্বর দরপত্র খোলা হয়। তাতে দেখা যায়, ফাইবার অ্যাট হোম ৪২ কোটি ২১ লাখ ৮ হাজার টাকা, ডিজিটাল কানেকটিভিটি ৪৩ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার, বাংলাফোন ৪৯ কোটি ৯৯ লাখ ৭ হাজার, লিংকথ্রি টেকনোলজিস ৮০ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার এবং এডিএন-জিপি-অগ্নি-টিভিএন ৮৩ কোটি ৬১ লাখ ২২ হাজার টাকার দর জমা দেয়।
একটি প্রতিষ্ঠানের স্বার্থে দরপত্রের শর্ত: ভিপিএনের দরপত্রের শর্তে বলা হয়, অংশগ্রহণকারীদের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক বসানো ও পরিচালনার লাইসেন্স অথবা পারমিট থাকতে হবে। আইন অনুযায়ী একমাত্র এনটিটিএন (নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক) লাইসেন্সধারী প্রতিষ্ঠান অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক পরিচালনা করতে পারে। নিবন্ধন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বাংলাফোনকে আবেদনের সুযোগ দিতে কমিশন দরপত্রের শর্তে ‘লাইসেন্স’-এর সঙ্গে ‘পারমিট’ শব্দটি জুড়ে দেয়। কারণ তখন পর্যন্ত বাংলাফোনেরই এনটিটিএনের পারমিট ছিল, যা দেয় বিটিআরসি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সূত্র বলেছে, সারা দেশে ভিপিএন সংযোগের কাজ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের সঙ্গে কমপক্ষে দুই বছরের চুক্তি করতে হতো, যা পারমিটধারীদের পক্ষে সম্ভব নয়। কারণ পারমিট সাধারণত এক-দুই বছরের জন্য দেওয়া হয়। এর আগে বাংলাফোন অনুমতি ছাড়াই সারা দেশে অপটিক্যাল ফাইবার বসিয়ে মোবাইল ফোন কোম্পানিগুলোকে ভাড়া দেয়। বিষয়টি জানার পর মোবাইল ফোন গ্রাহকদের অসুবিধা এড়াতে বাংলাফোনকে দুই বছরের পারমিট দিয়েছিল বিটিআরসি, যার মেয়াদ গত ২১ এপ্রিল শেষ হয়ে গেছে।
বিটিআরসির কর্মকর্তাদের প্রশ্ন, পারমিটধারী প্রতিষ্ঠানের পক্ষে ভিপিএনের কাজ করা সম্ভব নয় জেনেও নির্বাচন কমিশন কেন বাংলাফোনকে দরপত্রে অংশ নেওয়ার সুযোগ দিল?
বিটিআরসির নথিপত্র থেকে জানা যায়, বাংলাফোন আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) লাইসেন্সধারী প্রতিষ্ঠান। আইনগতভাবে তারা এনটিটিএন লাইসেন্সের মালিক হতে পারে না। তা সত্ত্বেও ভিপিএনের কাজটি পেতে তারা এনটিটিএন লাইসেন্সের জন্য আবেদন করে। কিন্তু টেলিযোগাযোগ মন্ত্রণালয় গত বছরের ৬ জুলাই তাদের আবেদন খারিজ করে দেয়। শেষ প্রচেষ্টা হিসেবে তারা পারমিটের মেয়াদ বাড়ানোর আবেদন করে। কিন্তু গত ১১ জুন বিটিআরসি এই মেয়াদ না বাড়ানোর কথা জানিয়ে দেয়।
কমিশন সচিবালয়ের কর্মকর্তারা বলেন, বাংলাফোনকে কাজ দেওয়া সম্ভব নয়, এটা নিশ্চিত হওয়ার পর কমিশন গত ১৪ মে ভিপিএনের দরপত্রটি বাতিল করে দেয়। এই প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য তারা দুই বছর সময় নষ্ট করেছে। কমিশন সচিবালয় সূত্র বলেছে, নির্বাচন কমিশনাররা নিবন্ধন বিভাগের এই অনিয়ম সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু সিইসি কোনো জবাব দেননি।
এ সম্পর্কে সিইসি প্রথম আলোকে বলেন, দরদাতার কাছ থেকে সেবা গ্রহণের জন্য পর্যাপ্ত সময় না থাকায় বিশ্বব্যাংক ভিপিএনের জন্য নতুন করে দরপত্র আহ্বান করতে বলেছে।
বাংলাফোনের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন খান বলেন, মন্ত্রণালয় অন্যায়ভাবে কোনো কারণ ছাড়াই বাংলাফোনকে এনটিটিএন লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।