খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি দুই বছর ধরে অচল হয়ে পড়ে আছে। অ্যাম্বুলেন্স না থাকায় রোগী পরিবহনে বিড়ম্বনায় পড়ছে স্থানীয় লোকজন। এ কারণে দ্বিগুণ টাকায় দিয়ে ভাড়ার মাইক্রোবাসে রোগী পরিবহন করা হচ্ছে। মানিকছড়ি উপজেলার চার ইউনিয়নের রোগী ছাড়াও লক্ষ্মীছড়ি ও গুইমারা উপজেলার লোকজন চিকিৎসা নিতে আসে এই স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১০ শয্যার এ হাসপাতালের জন্য ২০০০ সালে অ্যাম্বুলেন্সটি বরাদ্দ দেওয়া হয়। ২০১৫ সালের জানুয়ারি মাসের শেষের দিকে রোগী নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় এটি বিকল হয়ে যায়। এরপর থেকে অ্যাম্বুলেন্স হাসপাতালের গ্যারেজে পড়ে আছে। বরাদ্দের অভাবে এটি এখন পুরোপুরি নষ্ট হওয়ার পথে।
অ্যাম্বুলেন্সের চালক মো. জহির উদ্দিন বলেন, ‘আমি নিজে মেরামত করার অনেক চেষ্টা করেছি। পুরোনো হওয়ায় এর যন্ত্রাংশ খুব একটা পাওয়া যায় না। এটি সচল করতে গাড়ির ইঞ্জিন বদলাতে হবে।’
স্থানীয় লোকজন জানান, অ্যাম্বুলেন্স থাকার সময় মানিকছড়ি থেকে চট্টগ্রাম শহরে রোগী পরিবহনে খরচ হতো ৮০০ টাকা। এখন মাইক্রোবাসের ভাড়া গুনতে হয় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা।
মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, ‘অ্যাম্বুলেন্স নষ্ট হওয়ার পর থেকে এলাকার রোগীদের ভোগান্তি বেড়েছে। মাঝেমধ্যে লক্ষ্মীছড়ি ও রামগড় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্স ফোন করে নিয়ে আসতে হয়। তা ছাড়া সব সময় উপজেলায় ভাড়ার গাড়িও পাওয়া যায় না। আরেকটি নতুন অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে কথা বলতে ৭ মে দুপুরে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া কোনো কথা বলতে রাজি হননি।
জানতে চাইলে খাগড়াছড়ি সিভিল সার্জন মো. আবদুস সালাম বলেন, ‘অ্যাম্বুলেন্সের ব্যাপারে মানিকছড়ি হাসপাতাল কর্তৃপক্ষ আমার কাছে এখনো লিখিত অভিযোগ করেনি। তবে কিছুদিন আগে আমি মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মিটিংয়ে গেলে বিষয়টি শুনেছি। আমাকে লিখিত অভিযোগ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব।’