
দুই বছর আগেই ছিল অসংখ্য খানাখন্দ। সেই থেকে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। এ অবস্থায় বর্তমানে ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে সিলেট নগরের জেল রোড এলাকার সড়কটি। অথচ এ সড়কের পাশেই রয়েছে সিলেট কেন্দ্রীয় কারাগার ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্থাপনা।
সরেজমিনে দেখা গেছে, প্রায় আধা কিলোমিটার দীর্ঘ এ সড়কের পুরোটা জুড়েই ছোট-বড় অসংখ্য গর্ত। স্থানে স্থানে কার্পেটিং ও পাথর উঠে গেছে। খানাখন্দে বৃষ্টির পানি জমে থাকায় যানবাহন চলছে হেলেদুলে। পথচারীরা চলছে জলকাদা মাড়িয়ে। গাড়ি এলেই সেই জলকাদা ছিটকে এসে পড়ছে তাদের গায়ে। জেল রোড এলাকার ভ্রাম্যমাণ ব্যবসায়ী আনিসুর মিয়া বলেন, সড়কের গর্তে পড়ে রিকশা প্রায়ই উল্টে যায়। নষ্ট হয়ে যায় পথচারী ও রিকশাযাত্রীদের কাপড়চোপড়।
সিলেট কেন্দ্রীয় কারাগারে পরিচিত এক কয়েদির খোঁজখবর নিতে গতকাল রোববার দুপুরে জেল রোড এলাকায় এসেছিলেন নগরের বিলপাড় এলাকার বাসিন্দা আইয়ূব খান। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা। কিছুদিন আগে এ সড়ক দিয়ে যাওয়ার সময় রিকশা উল্টে আমি পড়ে যাই। আজও প্রায় একই ঘটনা ঘটেছে। বলি, এটি দেখার কি কেউ নেই?’
জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, বর্ষা মৌসুম শুরু হতে বেশি দেরি নেই। আবার সিলেটে বেশ কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। এ অবস্থায় ইচ্ছা থাকা সত্ত্বেও সড়কটির সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না। তবে বৃষ্টি থেমে গেলে বর্ষা মৌসুম পুরোপুরিভাবে শেষ হওয়ার আগেই সড়কটি সংস্কার করা হবে।