দুই বছর ধরে দুই ইউপি ভবনের নির্মাণকাজ বন্ধ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ও আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবনের নির্মাণকাজ অর্থাভাবে দুই বছর ধরে বন্ধ আছে। দীর্ঘদিন কাজ ফেলে রাখায় ভবন দুটির থামের রডসহ নির্মাণসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।টিকিকাটা ইউপির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মৃধা বলেন, দুই বছর ধরে কাজ ফেলে রাখায় রডগুলোতে মরিচা ধরেছে। অন্যান্য নির্মাণসামগ্রী নষ্ট হচ্ছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মঠবাড়িয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-২০১১ অর্থবছরে টিকিকাটা ও আমড়াগাছিয়া ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ২০১০ সালের ২৫ মে ও ৮ জুন দুটি দরপত্র আহ্বান করা হয়। ওই বছরের ৭ জুলাই টিকিকাটা ও ১৯ ডিসেম্বর আমড়াগাছিয়া ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য মঠবাড়িয়ার ‘মেসার্স জাদম্যান কনস্ট্রাকশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট ঠিকাদার কার্যাদেশ পেয়ে ভবন দুটির নির্মাণকাজ শুরু করেন। এক কোটি ৪০ লাখ টাকার কাজের ৩৫ ভাগ নির্মাণকাজ শেষ করার পর অর্থাভাবে ঠিকাদার কাজ ফেলে রাখেন।আমড়াগাছিয়া ইউপির চেয়ারম্যান সুলতান মিয়া বলেন, ভবন নির্মাণ হলে সরকারের বিভিন্ন দপ্তরের ইউনিয়ন পর্যায়ের কার্যালয়গুলোর সেবা মানুষ এখান থেকে পাবে। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ শেষ না হওয়ায় মানুষ কৃষি, স্বাস্থ্য ও ভেটেরিনারি সেক্টরের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাদম্যান কনস্ট্রাকশনের মালিক দেলোয়ার হোসেন বলেন, ‘ইউপি কমপ্লেক্স ভবন দুটির ৩৫ ভাগ নির্মাণকাজ শেষ করতে প্রায় অর্ধকোটি টাকা ব্যয় করেছি। বিল পেয়েছি মাত্র ১৪ লাখ টাকা। তাই অর্থাভাবে কাজ বন্ধ রেখেছি। অর্থ বরাদ্দ পেলে কাজ শুরু করব।’উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, অর্থ বরাদ্দের অভাবে টিকিকাটা ও আমড়াগাছিয়া ইউপি কমপ্লেক্স ভবনের কাজ সমাপ্ত করা যাচ্ছে না।