দুই বছর ধরে বসে বসে বেতন পাচ্ছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা-ঘষিয়াখালী নৌ-চ্যানেলের নাব্যতা সংকটের কারণে প্রায় দুই বছর ধরে ঢাকা থেকে মংলা নৌপথে স্টিমার চলাচল বন্ধ রয়েছে। এ কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মংলা কার্যালয়ের ১২ জন কর্মকর্তা-কর্মচারীর কোনো কাজ নেই। তাঁরা প্রায় দুই বছর ধরে বসে বসে বেতন নিচ্ছেন।বিআইডব্লিউটিসি মংলা শাখার সহব্যবস্থাপক মাহমুদুর রহমান বলেন, ‘কোনো কাজ না করে এভাবে বসে বসে বেতন নিতে আমরা বিব্রত বোধ করছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার বলেছি, এখানে কোনো কাজ নেই, আমাদের অন্য কোনো জায়গায় পোস্টিং দেন। কিন্তু তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।’বিআইডব্লিউটিসির মংলা শাখা কার্যালয় সূত্রে জানা যায়, সপ্তাহে তিন দিন ঢাকা থেকে মংলা হয়ে স্টিমার খুলনায় আসা-যাওয়া করত। কিন্তু মংলা-ঘষিয়াখালী নৌ-চ্যানেলের নাব্যতা সংকটের কারণে ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে এ পথে স্টিমার চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বিআইডব্লিউটিএ দুই দফায় এ চ্যানেলে খননকাজ করেও নাব্যতা ফিরিয়ে আনতে পারেনি। এখন পর্যন্ত এ পথে স্টিমার সার্ভিস বন্ধ রয়েছে। এ কারণে মংলা কার্যালয়ের পাঁচজন কর্মকর্তা-কর্মচারী ও ঘাটের সাতজন কর্মচারীর কোনো কাজই নেই।১৩ ডিসেম্বর সরেজমিনে দেখা যায় কার্যালয়ে তালা। এ সময় ভবনটির পাশে চায়ের দোকানে গিয়ে কর্মকর্তা-কর্মচারীরা কোথায়, জানতে চাইলে মিরাজ ও এনায়েত নামের দুজন নিজেদের ওই কার্যালয়ের কর্মি বলে পরিচয় দেন। পরে তাঁরা তালা খুলে কার্যালয়ে বসতে দেন। এ সময় তাঁরা জানান, কার্যালয়ের সহব্যবস্থাপক মাহমুদুর রহমান অধিকাংশ সময়েই ছুটিতে থাকেন। অন্যরা আশপাশে আছেন।মংলা কার্যালয়ের প্রান্তিক অধীক্ষক (টার্মিনাল সুপারিনটেনডেন্ট) মিরাজ হোসেন বলেন, ‘আমি তিন মাস আগে হুলারহাট অফিস থেকে বদলি হয়ে এসে দেখি এখানে কোনো কাজ নেই।’বিআইডব্লিউটিসি, বরিশালের আঞ্চলিক সহকারী মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার বলেন, ‘নাব্যতা-সংকটের কারণে মংলা-ঘষিয়াখালী চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার পর কয়েক দফায় খনন করার পরও চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এখন সুন্দরবনের ভেতর থেকে বিকল্প পথে স্টিমার সার্ভিস চালু করার ব্যাপারে চেষ্টা চলছে। যদি এ পথে স্টিমার সার্ভিস চালু করা সম্ভব না হয়, তখন আমরা এ লোকবল অন্যত্র সরিয়ে নেব। খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’