দুই বছর ধরে বেহাল কাপ্তাই সড়ক
কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের পাইপলাইন বসানোর জন্য খোঁড়াখুঁড়ির কারণে কাপ্তাই সড়কজুড়ে খানাখন্দ তৈরি হয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে ওই সড়কে চলাচলকারী লোকজনের। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অভিযোগ, ওয়াসা কর্তৃপক্ষ সময়মতো সড়ক মেরামত না করায় বিভিন্ন স্থানে সড়ক বেহাল হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে সওজ সড়কটি মেরামতের উদ্যোগ নিয়েছে। এ জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
এই সড়ক দিয়ে হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, কাপ্তাই ও রাঙামাটি যাতায়াত করা হয়। ২০১২ সাল থেকে সড়কে পাইপলাইন বসানোর কারণে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট থেকে রাঙামাটির কাপ্তাই পর্যন্ত এই সড়কের ২২ কিলোমিটার অংশে খোঁড়াখুঁড়ি শুরু হয়। এ কাজ শেষ হতে চলতি বছর লেগে যাবে বলে জানা গেছে।
সূত্র জানায়, সড়ক খুঁড়ে পাইপলাইন বসানোর পর তা মেরামতের দায়িত্বও নিয়েছিল ওয়াসা কর্তৃপক্ষ। পাইপ বসানোর তিন-চার মাস পরও অনেক অংশে কার্পেটিং করা হয়নি। কাদামাটি ও খানাখন্দের কারণে বেহাল হয়ে পড়েছে কয়েকটি এলাকা।
ওয়াসার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘মেরামতকাজ চলছে। বৃষ্টির কারণে আমরা অনেক জায়গায় কাজ করতে পারিনি। তাই সড়কের অবস্থা কোনো কোনো স্থানে নাজুক হয়েছে। প্রাথমিকভাবে কার্পেটিংয়ের পর স্থায়ী কার্পেটিং করা হবে। স্থায়ী কার্পেটিং হয়েছে মাত্র ৩০ শতাংশ।’
সরেজমিনে দেখা যায়, সড়কের বুড়িশ্চর বাদামতল, মিয়ার বাজারের মিয়ার গাটা, নোয়াপাড়া কলেজ গেট, নোয়াপাড়া বাজার, শান্তিরহাট, গোচারাবাজার এলাকায় সড়ক খুবই নাজুক হয়ে পড়েছে। পাইপলাইন বসানোর পর এসব এলাকায় মাটি ভরাট করে দেওয়া হয়। কিন্তু বৃষ্টিতে সড়ক মাটি আর পানিতে একাকার হয়ে গেছে।
সিএনজিচালিত অটোরিকশার চালক সাইফুদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দুই বছর ধরে এই দুর্ভোগের মধ্যে আমাদের দিন কাটছে। মাটি খুঁড়ে ফেলে রেখেছে কয়েক মাস হচ্ছে। মেরামত করতে দেরি করছে।’
সওজের অভিযোগ, সড়কের বাঁ পাশে ওয়াসার লাইন বসানোর কাজ চলছিল। বাঁ পাশে খোঁড়ার কারণে সব যানবাহন চলেছে ডান পাশ দিয়ে। এতে ডান পাশটাও নাজুক হয়ে পড়েছে। খুঁড়ে পাইপ বসানোর পর দ্রুত তা মেরামতের কথা থাকলেও তারা কথা রাখেনি। মেরামতের জন্য বারবার চিঠিও দেওয়া হয় ওয়াসা কর্তৃপক্ষকে।
সওজের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম বলেন, ‘২২ কিলোমিটার অংশের তিন-চার কিলোমিটার খুব খারাপ অবস্থা। এই রাস্তাটি ছিল সবচেয়ে ভালো। ওয়াসার খোঁড়াখুঁড়ির কারণে তা নষ্ট হয়ে গেছে। তারা ঠিকমতো কাজ করছে না। আমরা বারবার চিঠি লিখেছি। এখন পুরো সড়ক মেরামতের জন্য আমরা দরপত্র আহ্বান করেছি। এ কাজের মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা।’
সরেজমিনে দেখা যায়, পাইপলাইনের কারণে কয়েকটি স্থান সংকুচিত হয়ে পড়েছে। এসব এলাকায় একমুখী যানবাহন চলাচল করে। ফলে মাঝেমধ্যে যানজট দেখা দিচ্ছে। মিয়ার গাটার দোকানদার মো. রফিক বলেন, সড়কে চলতে খুব সমস্যা হয়। বৃষ্টি হলে এই দুর্ভোগ আরও বাড়ে।
ওয়াসার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘বাঁ পাশ খুঁড়ে ফেলার কারণে ডান পাশের ওপর চাপ পড়েছে, এটা সত্য। তবে সড়কটি আগেও তেমন ভালো ছিল না। আমাদের কাজ শেষ হতে আরও তিন-চার মাস লেগে যাবে।’