মাদারীপুরের শিবচর-জাজিরা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাচ্ছে মানুষ। দুই বছর ধরে সড়কটি বেহাল বলে জানা গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) শিবচর উপজেলা কার্যালয় সূত্র জানায়, মাদারীপুরের শিবচর উপজেলা ও শরীয়তপুরের জাজিরা উপজেলার মানুষের ফরিদপুর ও যশোর-খুলনা অঞ্চলে যোগাযোগের জন্য ১৯৯৭-৯৮ অর্থবছরে সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটি নির্মাণ করা হয়। ২০১২ সালে সড়কটির ভদ্রাসন এলাকা দিয়ে এক কিলোমিটার জায়গা সংস্কার করা হয়েছিল। প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে স্থানীয় এমকে বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠান কাজটি করে। পরে আর সংস্কার না
করায় সাড়ে সাত কিলোমিটারের পুরোটাই খানাখন্দে ভরে যায়। এর মধ্যে ভদ্রাসন ইউনিয়নের সরদারকান্দি গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার এলাকার অন্তত ২০টি স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টিতে ওই সব গর্তে পানি জমে কাদা সৃষ্টি হয়েছে।
গত সোমবার সড়কের ভদ্রাসন এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের মধ্যে গর্তে চারটি পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে। এর মধ্যে পদ্মা সেতুর কাজের পাথরবোঝাই একটি ট্রাক ছিল। এ কারণে বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
জানতে চাইলে ভদ্রাসন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহিম বলেন, সড়কটি সংস্কারের জন্য কয়েকবার উপজেলা পরিষদের সভায় আলোচনা করা হয়েছে। কিন্তু কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না।
সরদারকান্দি গ্রামের কলেজশিক্ষার্থী মিতু খানম জানায়, প্রতিদিন অনেক কষ্ট করে এ সড়ক দিয়ে চলাচল করতে হয়।
শিবচর-জাজিরা সড়কের বাসচালক আনোয়ার হোসেন জানান, সড়কের মধ্যে গর্ত থাকার কারণে বাস চলাচল প্রায় সময় বন্ধ
রাখতে হয়। বাস মালিক সমিতি সড়কের কিছু গর্তে ইট দিয়েছিল। বৃষ্টিতে এখন অবস্থা আরও খারাপ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে, এলজিইডির শিবচর উপজেলা প্রকৌশলী রণজিৎ দে প্রথম আলোকে বলেন, দ্রুত সড়কটি মেরামত করা হবে।