কক্সবাজারের চকরিয়ার চোয়ারফাঁড়ি-নোয়াপাড়া সংযোগ সেতুর তলদেশ ভাঙা থাকায় দুই বছর ধরে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
জানা গেছে, চকরিয়া উপজেলার সাহারবিল ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আট গ্রামের প্রায় ১৪ হাজার মানুষ চোয়ারফাঁড়ি-নোয়াপাড়া সংযোগ সেতুটি ব্যবহার করে। এসব গ্রামের মানুষকে উপজেলা সদরে যেতে হলে এই সেতুটি ব্যবহার করতে হয়।
নোয়াপাড়া এলাকার কবির আহমদ (৫০) বলেন, ২০১২ সালের জানুয়ারি মাসে সেতুর মাঝখানের তলদেশ ভেঙে পড়ে। এর পর থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। লোকজনকে চলাচলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়ক নষ্ট হয়ে গেলে রিকশা নিয়ে চলাচল করা যায়। এখন সেতুর তলদেশ ভেঙে যাওয়ায় রিকশাও চলছে না।
উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, আটটি গ্রামের জনসাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে ১৯৮০ সালে চোয়ারফাঁড়ি-নোয়াপাড়া খালের ওপর সংযোগ সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘ সময় সেতুটি ব্যবহারের কারণে ফাটল ধরে। ২০০০ সালে সেতুটি পুনর্নির্মাণ করা হয়। ওই সময় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় সেতুটি অল্প সময়ে আবারও ভেঙে পড়ে।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর চকরিয়া উপজেলার উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান তুহিন বলেন, ভারী যানবাহন চলাচলের কারণে সেতুর তলদেশ ভেঙে গেছে। বরাদ্দ না থাকায় এত দিন সেতুর সংস্কারকাজ করা যায়নি। এখন সেতুটি সংস্কারের চেষ্টা চলছে।