দুই বছর ধরে স্থবির সাংস্কৃতিক প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই বছর ধরে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাংস্কৃতিক প্রশিক্ষণ কার্যক্রম। শহরের আশপাশে হাতেগোনা দু-একটি প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলোতে প্রশিক্ষণ বন্ধ রয়েছে।
গত বছরে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে শিক্ষার্থীদের অনুপস্থিতির ফলে নিয়মিত শ্রেণী কার্যক্রম ব্যাহত হয় এবং এর প্রভাব পড়ে প্রশিক্ষণেও। এ ছাড়া প্রশিক্ষক স্বল্পতা ও যানবাহন সংকটের কারণেও স্থবিরতা দেখা দেয়। করপোরেশনের শিক্ষা বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রশিক্ষকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি করপোরেশনের তত্ত্বাবধানে একটি সাংস্কৃতিক একাডেমি গড়ার উদ্যোগের কথাও জানান তিনি।
এ প্রসঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নানা কারণে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাংস্কৃতিক প্রশিক্ষণে কিছুটা ভাটা পড়েছে। আমরা একে বেগবাগ করার উদ্যোগ নিচ্ছি। পাশাপাশি করপোরেশনের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক একাডেমি গড়ার প্রক্রিয়া চলছে। যেখানে করপোরেশনের বাইরের ছেলেমেয়েদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এ ব্যাপারে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদনসহ আরও কিছু আনুষ্ঠানিকতার বাকি রয়েছে।’
প্রশিক্ষণে অচলাবস্থার কথা স্বীকার করে প্রবীণ সংগীত প্রশিক্ষক ও বেতার-টেলিভিশনের জ্যেষ্ঠ কণ্ঠশিল্পী অশোক সেনগুপ্ত বলেন, ‘কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা চেষ্টা করছি বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও অনুশীলন চালিয়ে নিতে। এ প্রক্রিয়াটি নিয়মিত করা গেলে তারা আরও বেশি উপকৃত হওয়ার সুযোগ পেত।’
জানা যায়, ১৯৯৭ সালে করপোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে নাচ, গান ও তবলার প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়। প্রতিটি শাখায় চারজন করে মোট ১২ জনের একটি প্রশিক্ষক দল গঠন করা হয়। করপোরেশন পরিচালিত ৪৬টি বিদ্যালয় এবং ১৩টি মহাবিদ্যালয় রয়েছে। প্রথম দিকে প্রতি সপ্তাহে প্রায় ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া হতো। পরে নানা প্রতিকূলতার কারণে ছয়টি করে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া হতে থাকে।
বর্তমানে প্রশিক্ষকের সংখ্যা কমে দাঁড়িয়েছে আটজন। এর মধ্যে নাচে মাত্র একজন, তবলায় তিনজন এবং গানে চারজন প্রশিক্ষক রয়েছেন।