দুই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় দুই বছর পর কবর থেকে কাবুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল রোববার উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া কবরস্থান থেকে এ লাশ তোলা হয়।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ২০১৪ সালের ১৯ মার্চ দুপুরে বিলগাথুয়া গ্রামের মৃত জাহান মণ্ডলের ছেলে কাবুল হোসেন খাবারে বিষক্রিয়ায় মারা যান। এ ঘটনায় নিহত কাবুলের স্ত্রী ঝুমুয়ারা খাতুন থানায় হত্যা মামলা করতে গেলে দৌলতপুর থানা-পুলিশ অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করে। পরে ঝুমুয়ারা বাদী হয়ে ২০১৫ সালের ৪ জুলাই নিহত ব্যক্তির ভাই বিদু, কাবের ও রিপনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে দৌলতপুর থানা-পুলিশকে আবার ময়নাতদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গতকাল রোববার কাবুল হোসেনের লাশ উত্তোলন করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পারিবারিক বিরোধের জের ধরে নিহত কাবুলের ভাইয়েরা পরিকল্পিতভাবে দুপুরের খাবারে বিষ মাখিয়ে কাবুল হোসেনকে হত্যা করে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, আদালতের নির্দেশে লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য ওঠানো হয়েছে। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।