দুই বছর পর কারামুক্ত আরিফুল
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাসহ চার মামলায় জামিন পাওয়া সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী কারামুক্ত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
২০১৩ সালের ১৫ জুন সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচিত হওয়ার প্রায় দেড় বছরের মাথায় আরিফুল ২০১৪-এর ৩০ ডিসেম্বর কারাবন্দী হন। দুই বছর পাঁচ দিন পর জামিনে মুক্তি পেলেন তিনি। কারাবন্দী হওয়ার পর ২০১৫ সালের ৭ জানুয়ারি তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার ছগির আহমদ প্রথম আলোকে বলেন, জামিনসংক্রান্ত কাগজপত্র বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারে পৌঁছালে এগুলো যাচাই-বাছাই করে ৫টা ১০ মিনিটে তাঁকে মুক্তি দেওয়া হয়।
বিকেলে কারাফটকের সামনে গিয়ে দেখা যায়, প্রধান ফটকের সামনে বিএনপির কোনো পদধারী নেতা না থাকলেও সাধারণ কর্মী, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী, রেজওয়ান আহমদ, এ বি এম জিল্লুর রহমান ও ছাত্রদলের নেতা-কর্মী, নগরের সাধারণ মানুষজন অপেক্ষা করছেন। ৫টা ১৬ মিনিটে হুইলচেয়ারে করে আরিফুল হককে কেন্দ্রীয় কারাফটকের সামনে আনা হয়। ফটকের সামনে তাঁকে ফুলের মালা দিয়ে বরণের সময় ‘আরিফ ভাই, আরিফ ভাই...’ বলে স্লোগান দেন উপস্থিত জনতা। আরিফুল হক জিপ গাড়িতে উঠে দুই হাত তুলে প্রার্থনা করেন।
গাড়িতে ওঠার পর আরিফুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি সিটি করপোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, নগরবাসী বলেছেন, মেয়র নির্বাচিত না হলে এসব অভিযোগ উঠত না। দুই বছরের বেশি সময় জনগণ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। জনগণের দোয়ায় আমি মুক্ত হয়েছি। আমি জনগণের সেবায় বাকি জীবন পার করতে চাই।’
কেন্দ্রীয় কারাফটকের সামনে থেকে আরিফুল হক হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহে যান। সেখানে মাগরিবের নামাজ পড়ে জিয়ারত শেষে কুমারপাড়ায় নিজ বাসায় ফেরেন। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। মায়ের অসুস্থতার জন্য আরিফুল এর আগে একবার প্যারোলে মুক্তি পেয়েছিলেন।
আরিফুল হকের পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় জুরেজ আবদুল্লাহ জানান, বাসায় বিশ্রাম নেওয়ার পাশাপাশি এলাকাবাসীসহ নগরের বিভিন্ন ব্যক্তি ও দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন আরিফুল।
আরিফুল হক চৌধুরী ২০১৩ সালের ১৫ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে জয়ী হন। হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ওপর জঙ্গিদের গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর কারাবন্দী হন। এরপর থেকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন। ২০১৫ সালের ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।
আদালত সূত্র জানায়, উচ্চ আদালত থেকে কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলা দুটি থেকে জামিন পান আরিফুল। পরে সম্পূরক আরেকটি অভিযোগপত্রে সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলার মামলায় অভিযুক্ত হন তিনি। এ মামলায় গত ১১ ডিসেম্বর আরিফুলকে গ্রেপ্তার দেখানো হয়। ২০ ডিসেম্বর এ মামলা থেকেও তিনি জামিন পেলে পরে তা স্থগিত করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামিন স্থগিত বিষয়ে শুনানি শেষে গত মঙ্গলবার জামিন বহাল রাখা হয়।