গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে গতকাল বৃহস্পতিবার সকালে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার আসামি তানভীর রহমান (৩০। তিনি রুনির ফেসবুক বন্ধু ছিলেন। তানভীরের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীতে। ঢাকায় বাসা উত্তরার ১৩ নম্বর সেক্টরে।
কারাগার সূত্র জানায়, সাগর-রুনির হত্যার ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া তানভীরকে ২০১২ সালের ১৭ অক্টোবর আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে ২০ অক্টোবর তাঁকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। ২ ডিসেম্বর তানভীর রহমানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই জামিন মঞ্জুর করেন। গত বুধবার রাত সাড়ে সাতটার দিকে জামিনের কাগজ কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে এসে পৌঁছায়। তা যাচাই-বাছাই করে গতকাল বেলা সোয়া ১১টার দিকে তানভীরকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মিজানুর রহমান তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজাবাজারের নিজ বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির লাশ উদ্ধার করা হয়। সাগর-রুনি হত্যার ঘটনায় ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম।
তানভীরের পরিবার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১ অক্টোবর তানভীর তাঁর কর্মস্থল স্কলাসটিকা স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় উত্তরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার। এরপর ৯ অক্টোবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সংবাদ সম্মেলনে জানান, সাগর-রুনি হত্যা মামলায় তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে।