দুই বছর পর ফিরে এল কথিত অপহূত কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই বছর আগে মাগুরার মহমঞ্চদপুর উপজেলার বালিদিয়া গ্রামের শুকুর মোল্লার ছেলে ওমর মোল্লাকে (১১) অপহরণের অভিযোগে প্রতিবেশী তাহাজ্জত মোল্লা ও তাঁর তিন ছেলের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলাটি মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন।
হঠাৎ করেই গত শনিবার বিকেলে কথিত অপহূত ওমর মোল্লা বাড়ি ফিরে আসে। ঘটনাটি জানাজানি হলে গ্রামের লোকজন ওই দিনই ওমর মোল্লাকে আটক করে পুলিশে দেন।
পুলিশ জানায়, বালিদিয়া গ্রামের শুকুর মোল্লা ২০১২ সালের ১৪ মে তাঁর ছেলে ওমর মোল্লাকে অপহরণের অভিযোগে প্রতিবেশী তাহাজ্জত মোল্লা ও তাঁর তিন ছেলে ইমরান মোল্লা, মনিরুল ইসলাম ও ইয়ারুল মোল্লার বিরুদ্ধে মহমঞ্চদপুর থানায় মামলা করেন। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পরবর্তী সময়ে আসামিরা জামিনে মুক্তি পান।
ইমরান মোল্লা প্রথম আলোকে বলেন, ‘মিথ্যা ওই মামলায় পড়ে আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ওমরকে আমরা গ্রামের লোকজনের সহায়তায় আটক করে পুলিশে দিয়েছি। দুপুরে দিকে সে বাড়ি আসে বলে আমরা খবর পাই।’
পুলিশের জিজ্ঞাসাবাদে ওমর মোল্লা জানায়, সে ঢাকায় শ্রমিকের কাজ করত। বাবা-মার সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। বাবার পরামর্শেই এত দিন বাড়ি আসেনি। কিন্তু প্রায় দুই বছর বাবা-মাকে না দেখে মন খুব কাঁদছিল। তাই বাবা-মাকে দেখতে বাড়ি চলে আসে। মহমঞ্চদপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মনিরুল ইসলাম বলেন, বাবা-মায়ের সঙ্গে ওমর মোল্লার যোগাযোগ ছিল। মূলত ওর বাবাই ওকে বাইরে পাঠিয়ে প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা ওই মামলা করেছিলেন। ওমর বিষয়টি স্বীকারও করেছে। ওমরকে রোববার সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। ছেলে আটক হওয়ার পর থেকে শুকুর মোল্লা ও তাঁর পরিবারের লোকজন পলাতক।