দুই বছর পর রাকিবকে ফিরে পেলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সান্নিধ্যে মোহাম্মদ রাকিব l ছবি: প্রথম আলো
মায়ের সান্নিধ্যে মোহাম্মদ রাকিব l ছবি: প্রথম আলো

পেটের দায়ে অল্প বয়সেই মাইক্রোবাসের চালকের সহকারী হিসেবে কাজ শুরু করেছিল চট্টগ্রামের পটিয়া পৌরসভার মোহাম্মদ রাকিব (১৫)। কাজের সূত্রে তার পরিচয় হয় যশোরের আরেক তরুণের সঙ্গে। ২০১৪ সালে বেড়ানোর নাম করে ওই তরুণ অবৈধভাবে যশোর সীমান্ত দিয়ে ভারতের উত্তর চব্বিশ পরগনায় নিয়ে যায় রাকিবকে। দুই বছরের বেশি সময় ভারতের একটি আশ্রয়কেন্দ্রে থাকার পর অবশেষে মায়ের কাছে ফিরতে পেরেছে সে।
গতকাল মঙ্গলবার দুপুরে বেসরকারি সংস্থা ইপসার কক্সবাজার ও চট্টগ্রাম জেলার প্রকল্প সমন্বয়কারী ওমর সাদেক পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহর মাধ্যমে রাকিবকে মায়ের হাতে তুলে দেন।
রাকিব প্রথম আলোকে বলে, ‘গাড়ির চালকের সহকারীর কাজ করতে গিয়ে যশোর জেলার এক তরুণের সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। ওই বন্ধু যশোরে বেড়াতে যাওয়ার কথা বলে আমাকে ২০১৪ সালের ১৯ সেপ্টেম্বর ভারতের কলকাতার উত্তর চব্বিশ পরগনা জেলায় নিয়ে যায়। এক জায়গায় বসিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে ওই বন্ধু পালিয়ে যায়। বন্ধু ফিরে না আসায় রাস্তায় উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করছিলাম। পরে একজন নারী সব শুনে আমাকে কিশলয় নামের স্থানীয় একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যান।’
ইপসার প্রকল্প সমন্বয়কারী ওমর সাদেক বলেন, ভারতের কিশলয় সেফহোম কর্তৃপক্ষ রাকিবের পরিচয় জেনে যশোরের রাইটস যশোর নামের একটি বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করে। তাদের সহযোগিতায় গত বছরের ২৯ ডিসেম্বর রাকিবকে যশোরে হস্তান্তর করা হয়। দেশে ফেরার পর রাইটস যশোরের কর্মকর্তারা ইপসার সঙ্গে যোগাযোগ করেন। সব আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার পটিয়া থানার মাধ্যমে রাকিবকে তার মায়ের হাতে তুলে দেওয়া হলো।

রাকিবকে ফিরে পেয়ে মা হাসিনা বেগম বলেন, এক যুগ আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিন সন্তানকে নিয়ে পটিয়া পৌরসভার ইন্দ্রপোল এলাকায় একটি ভাতের দোকান দিয়ে সংসার চালাতে শুরু করেন তিনি। কিন্তু এতেও সংসারের অভাব ঘোচেনি। বাধ্য হয়ে পরিবারের দ্বিতীয় সন্তান রাকিব গাড়ির চালকের সহকারীর চাকরি নেয়। সোয়া দুই বছর আগেহঠাৎ এক দিন রাকিব উধাও হয়ে যায়। এত দিন তার ফিরে আসার অপেক্ষায় ছিলেন তিনি। থানায় কোনো সাধারণ ডায়েরিও (জিডিও) করেননি। তিন মাস আগে যশোর থেকে পুলিশ এসে রাকিবের খোঁজ নেয়। এত দিন পর রাকিবকে ফিরে পেয়ে খুব তিনি খুশি।