দুই বছর বন্ধ ছয়টি ট্রেন যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ১৩টি ট্রেনের মধ্যে দুই বছর আগে ক্রমান্বয়ে ছয়টি বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে রাতে চলাচল করত এমন দুটি ট্রেন বন্ধ করে দেওয়ার পর থেকে যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর থেকে বদরগঞ্জ হয়ে লালমনিরহাট পর্যন্ত ১৩টি ট্রেন চলাচল করত। চালকসহ অন্যান্য জনবল সংকটের অজুহাতে দুই বছর আগে ৪১১, ৪১২, ৪১৩, ৫৯, ৭০ ও ৬০ নম্বর ট্রেন ক্রমান্বয়ে বন্ধ করে দেওয়া হয়। ৪১৪ নামে আরও একটি লোকাল ট্রেন অনিয়মিতভাবে বর্তমানে মাসে এক থেকে দুবার চলাচল করছে। বন্ধ ট্রেনগুলোর মধ্যে ৫৯ ও ৪১৩ নম্বর ট্রেন দুটি রাতে চলাচল করত। ট্রেনগুলো বন্ধ হওয়ার পর থেকে কাউনিয়া, মীরবাগ, রংপুর, শ্যামপুর, আউলিয়াগঞ্জ, বদরগঞ্জ, খোলাহাটি ও পার্বতীপুর স্টেশনের যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে রাতে চলাচলকারী ট্রেন দুটি বন্ধ করে দেওয়ায় ওই স্টেশনগুলোর সঙ্গে রাতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সান্তাহার থেকে প্রতিদিন দোলনচাঁপা এক্সপ্রেস ছেড়ে এসে বদরগঞ্জ স্টেশনে পৌঁছায় সন্ধা সাড়ে ৬টায়। এরপর সকাল সাড়ে সাতটা পর্যন্ত ওই পথে আর কোনো ট্রেন চলাচল করে না। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন ঢাকা-রংপুর পথে চলাচলকারী রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। এ ট্রেনটি সাধারণত নিয়মিত ঢাকা থেকে রংপুর স্টেশনে পৌঁছায় রাত সাড়ে সাতটার পর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান বলেন, ‘আমার বাড়ি বদরগঞ্জে। নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের কারণে রংপুর এক্সপ্রেস ট্রেনে ঢাকা-রংপুর যাতায়াত করি। ট্রেনটি ঢাকা থেকে রংপুর গিয়ে পৌঁছায় সাধারণত রাত সাড়ে সাতটার পর। কিন্তু রংপুর স্টেশনে নেমেই কঠিন বিপদে পড়তে হয়। জানা গেছে, বন্ধ ট্রেনগুলো চালুর দাবিতে বদরগঞ্জের গণস্বার্থ রক্ষায় ‘গণকমিটি’ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কমিটির আহবায়ক আতাউর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ট্রেনসমূহ চালুর দাবিতে আমরা আন্দোলন করছি। কিন্তু গণমানুষের দাবি উপেক্ষা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ জন্য আমরা কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার চিন্তাভাবনা করছি।’ বদরগঞ্জের স্টেশনমাস্টার আবদুল মাজেদ জানান, পার্বতীপুর-লালমনিরহাট পথে বন্ধ করে দেওয়া প্রতিটি ট্রেন ছিল লাভজনক। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবদুল হাই বলেন, জনবল সংকটের কারণে ওই পথে বন্ধ থাকা ট্রেনগুলো চালু করা যাচ্ছে না। তবে নতুন একটি কমিউটার ট্রেন দিনে ওই পথে শিগগিরই চলাচল শুরু করবে। কিন্তু রাতে আপাতত ট্রেন দেওয়া সম্ভব হচ্ছে না।