দুই বছর মজুরি পান না ৬০০ নারী শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাতে বুনানো’ নামের রাজধানী ঢাকার একটি বেসরকারি সংস্থা কাজের পারিশ্রমিক বাবদ প্রায় ১৬ লাখ টাকা পরিশোধ না করায় সংস্থার দুই কর্মকর্তাকে সিরাজগঞ্জের ভুক্তভোগী দরিদ্র নারীরা আটক করেন। পরে ওই দুজনকে সদর থানায় সোপর্দ করলে পুলিশ তাঁদের ছেড়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশের হাতে তুলে দেওয়া ওই সংস্থার দুই কর্মকর্তা হলেন উপদেষ্টা সেজুতি সিকদার ও রুরাল সেন্টার কো-অর্ডিনেটর রেজওয়ান কবির। গত রোববার তাঁরা সিরাজগঞ্জে সংস্থার শ্রমিকদের হাতে আটক হন।
সিরাজগঞ্জে সংস্থাটির উপকারভোগী সদস্যদের তত্ত্বাবধায়ক মিতা খাতুন, এলিজা খাতুন, রুখসানা খাতুন, জরিনা খাতুন ও তাসলিমা খাতুন বলেন, ২০০৬ সালে ঢাকার ‘হাতে বুনানো’ নামের একটি সংস্থা গ্রামীণ দুস্থ নারীদের সুতা দিয়ে খেলনা তৈরির জন্য প্রশিক্ষণ দেয়। পরে তারা সুতা সরবরাহ করে এসব নারীকে দিয়ে খেলনা তৈরি করিয়ে সেগুলো বিদেশে রপ্তানি করে।
সিরাজগঞ্জ, বেলকুচি ও কাজীপুরে ১১টি কেন্দ্রে প্রায় ৬০০ হতদরিদ্র নারী এই খেলনা বানানোর কাজ করেন। নয় বছর সংস্থাটি নিয়মিত শ্রমিকদের মজুরি পরিশোধ করলেও গত দুই বছর এসব নারীকে দিয়ে বানানো পণ্য সংস্থার লোকজন নিয়ে গেলেও আর মজুরি দেয়নি। এতে ওই নারীদের প্রায় ১৬ লাখ টাকা পাওনা বকেয়া পড়ে। পরে গত রোববার ওই দুই কর্মকর্তা সিরাজগঞ্জ সদরের আকতার হোসেনের বাড়ির একটি কেন্দ্রে এলে ভুক্তভোগী নারীরা তাঁদের আটক করে পুলিশে দেন।
আটক হওয়া কর্মকর্তা সেজুতি ও রেজওয়ান বলেন, উপকারভোগীরা টানা এক দশক নিয়মিত মজুরি পেয়ে আসছিলেন। বেশ কিছুদিন হলো সংস্থার অভ্যন্তরীণ সমস্যায় শ্রমিকদের মজুরি বকেয়া পড়েছে। তবে কোম্পানি সবার টাকাই পরিশোধ করবে।
এ বিষয়ে হাতে বুনানোর ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোর্শেদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ঢাকার গুলশান থানার মাধ্যমে ওই সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এক মাসের মধ্যে বকেয়া টাকা পরিশোধের মুচলেকা দেওয়ায় দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।