দুই বছর মেয়াদি কমিটি দিয়ে ১০ বছর পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের দুই বছরের জন্য অনুমোদিত কমিটি ১০ বছর পার করেছে। ওই কমিটির বেশির ভাগ নেতা ব্যবসা, চাকুরে ও প্রবাসে চলে যাওয়ায় দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
মঠবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ছাত্রদলের বর্তমান কমিটির চারজন ছাড়া কেউ এখন আর ছাত্রদলে নেই। দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় নেতৃত্বপ্রত্যাশীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১ মার্চ উপজেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেন পিরোজপুর জেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি হাসানুল কবির ও সাধারণ সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন। জসিম উদ্দিন ফরাজী সভাপতি, অহিদুজ্জামান খান সাধারণ সম্পাদক ও মাইনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যের ওই কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ ২০০৬ সালের মার্চে শেষ হয়। ২০০৯ সালে ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন ফরাজী বিএনপির রাজনীতিতে যুক্ত হন। তিনি এখন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক। সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান সাড়ে চার বছর আগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলা ছাত্রদলের সহসভাপতি মিজানুর রহমান, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এ টি এম কাওসারসহ ২৪ জন চাকরি ও ব্যবসা করছেন। যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহসান, সহসাধারণ সম্পাদক মহাসিন হাওলাদার, সহসাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদসহ কমিটির নয়জন নেতা বর্তমানে সৌদি আরবসহ বিভিন্ন দেশে রয়েছেন। দুই-তৃতীয়াংশের বেশি সদস্য বিয়ে করে কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কমিটির ৬১ সদস্যের কারও ছাত্রত্ব নেই।
উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ঘরামি বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পৌর ছাত্রদলের সদস্য গোলাম সরোয়ার বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পর পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সংগঠনটি পরিচালনায় গঠনতন্ত্র অনুসরণ না করায় নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না।
উপজেলা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন ফরাজী বলেন, কেন্দ্র থেকে কমিটি গঠনের নির্দেশ না থাকায় মঠবাড়িয়া উপজেলা কমিটি করা যাচ্ছে না। তবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠন করা হচ্ছে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘২০১১ সালে আমরা জেলার সকল উপজেলায় নতুন কমিটি গঠন করেছিলাম। পরে কেন্দ্র থেকে ওই কমিটিগুলো বাতিল করা হয়। কেন্দ্রের নির্দেশ পেলে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হবে।’