দুই বছরে ইলিশের উৎপাদন বেড়েছে পাঁচ গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলাই থেকেই শুরু হয়েছে ইলিশের ভরা মৌসুম। শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। জেলা মৎস্য কার্যালয়ের হিসাব অনুযায়ী, দুই বছরের মধ্যে জেলায় ইলিশের উৎপাদন পঁচ গুণেরও বেশি বেড়েছে। বাজারে ইলিশের সরবরাহ বেশি থাকায় বর্তমানে দামও অনেক কম। এসব কারণে জেলে, ক্রেতা-বিক্রেতা সবাই খুশি।
গত মঙ্গল ও বুধবার শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীর তীরবর্তী ছয়টি মৎস্য অবতরণকেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
শরীয়তপুর জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪-২০১৫ অর্থবছরে জেলায় ইলিশের উৎপাদন ছিল ১ হাজার ২০০ মেট্রিক টন। ২০১৫-২০১৬ অর্থবছরে ছিল ৫ হাজার ২০০ মেট্রিক টন। এ বছর ২০ সেপ্টেম্বর পর্যন্ত উৎপাদন ৬ হাজার ৪০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে। সূত্র জানায়, ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে নভেম্বর থেকে জুন পর্যন্ত ছোট ইলিশ শিকার নিষিদ্ধ, মার্চ ও এপ্রিলে ইলিশের অভয়াশ্রমে জাল ফেলা নিষিদ্ধ থাকে। আর মা ইলিশ সংরক্ষণের জন্য অক্টোবরে ১৫ দিন নদীতে জাল ফেলা বন্ধ থাকে। এ সময় ইলিশ পরিবহন, বিপণন ও সংরক্ষণও নিষিদ্ধ থাকে। মাঠপর্যায়ে এ কাজগুলো বাস্তবায়ন করে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য বিভাগ। সরকার ওই সময়ে জেলেদের খাদ্যসহায়তা দিয়ে থাকে। জেলায় চার মাস ১২ হাজার ১৯৪ জন জেলেকে ৪০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
এদিকে মৎস্য সম্পদের উন্নয়নে অবদানের জন্য শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগানকে জাতীয় মৎস্য পুরস্কার ২০১৬-এর স্বর্ণপদক দেওয়া হয়েছে। জানতে চাইলে জিল্লুর রহমান রিগান প্রথম আলোকে বলেন, তিন বছরের কঠোর পরিশ্রমে আজ সাফল্য এসেছে। উৎপাদন বেড়েছে পাঁচ গুণেরও বেশি।
গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চরজানপুর গ্রামের জেলে আবু সুফিয়ান ইঞ্জিনচালিত নৌকা নিয়ে গত মঙ্গলবার মেঘনা নদীতে ইলিশ ধরছিলেন। তাঁর সঙ্গে পাঁচ সহযোগী। নৌকার পাটাতনের নিচে ইলিশে পরিপূর্ণ। আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, ‘এখন নদীতে প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে। আমি প্রতিদিন তিন থেকে চার মণ ইলিশ পাচ্ছি। আমার জীবনে নদীতে এত ইলিশ দেখিনি।’
ভেদরগঞ্জ উপজেলার আলুরবাজার মৎস্য অবতরণকেন্দ্রের ব্যবসায়ী শামিম আহম্মেদ বলেন, ‘জেলেরা আমাদের কাছ থেকে ঋণ নিয়ে সংসার চালায়। এ বছর মাছ বেশি পাওয়ায় আগেভাগেই আমাদের ঋণ শোধ করেছে। তাদের সঙ্গে আমাদেরও ভালো আয় হচ্ছে।’
জেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয়েছে। এতে সাফল্য এসেছে, এটা অনেক আনন্দের। দুই বছরে ইলিশের উৎপাদন পাঁচ গুণ ছাড়িয়ে যাওয়াটা খুবই আশাব্যঞ্জক খবর।’
জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকারের নেওয়া পদক্ষেপ সঠিকভাবে মাঠপর্যায়ে বাস্তবায়নের কারণে এ অভাবনীয় সাফল্য এসেছে। এ বছর শরীয়তপুরে ইলিশের উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।