হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট তাণ্ডবের দুই বছরেও কোনো মামলার অভিযোগপত্র দেয়নি পুলিশ। এমনকি তদন্ত নিয়ে এখন আর পুলিশের কোনো আগ্রহও নেই। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সরকারের উচ্চ মহলের সবুজসংকেত না পাওয়ায় বছরের পর বছর মামলাগুলো ফেলে রাখা হয়েছে। আজ সেই ঘটনার দুই বছর পূর্ণ হচ্ছে।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংগঠিত তাণ্ডব চালান হেফাজত কর্মীরা। একপর্যায়ে তাঁরা মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নিতে শুরু করেন। ৫ মে রাতভর অভিযান চালিয়ে পুলিশ ও র্যা ব তাঁদের মতিঝিল থেকে উচ্ছেদ করে। ওই দিনের সংঘর্ষের ঘটনায় ঢাকাসহ সারা দেশে মোট ২৭ জন নিহত ও দেড় হাজারের মতো মানুষ আহত হন। এর পাশাপাশি আগুন ও ভাঙচুরের ঘটনায় কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়। পুলিশ এসব ঘটনায় ঢাকাসহ সারা দেশে মোট ৫৩টি মামলা দায়ের করেছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, হেফাজতের ঘটনার পর রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে সরকারি দলের প্রার্থীরা হেরে যান। এতে সরকার মনে করে, হেফাজতে ইসলাম ইস্যুটি ক্ষমতাসীনদের বিপক্ষে গেছে। এ কারণে ওই সময় জনপ্রিয়তা হারানোর ভয়ে সরকার মামলা নিয়ে ধীরে চলো নীতি অনুসরণ করে। এর পরই সব মামলার তদন্ত থেমে যায়। এখন কবে এই তদন্ত শেষ হবে তা-ও কেউ বলতে পারছেন না। কেউ কেউ বলছেন, হেফাজতের সঙ্গে সরকারের গোপন সমঝোতা হওয়ায় মামলার তদন্ত থামিয়ে রাখা হয়েছে। কোনো আসামিকেও পুলিশ ধরছে না।
জানতে চাইলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জুনাইদ বাবুনগরী প্রথম আলোকে বলেন, ‘সরকারের সঙ্গে কোনো ধরনের সমঝোতা হওয়ার প্রশ্নই ওঠে না। আমরা কর্মীদের মামলা নিয়ে খোঁজখবর রাখছি।’
তদন্তে অগ্রগতি না হওয়ার ব্যাপারে জানতে চাইলে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তদন্ত চলমান রয়েছে, তা স্বাভাবিক নিয়মেই হচ্ছে।’
পুলিশ সূত্র জানায়, হেফাজতের তাণ্ডবের পর ঢাকা, নারায়ণগঞ্জ চট্টগ্রাম ও বাগেরহাটে মোট ৫৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে রাজধানীর পল্টন, মতিঝিল ও রমনা থানায় মামলা হয় ৪২টি। এতে হেফাজতের অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতাসহ কয়েক হাজার হাজার ব্যক্তিকে আসামি করা হয়। রাজধানীর বাইরে চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতায় দুটি মামলায় ৫৩ জনের নাম উল্লেখসহ আসামি করা হয় পাঁচ হাজার ব্যক্তিকে। আর নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা চারটি মামলায় ৩১ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত অনেক ব্যক্তিকে আসামি করা হয়। বাগেরহাটে সহিংসতার ঘটনায় ৫টি মামলায় ১৩ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। তবে কোনো মামলাতেই হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীকে আসামি করা হয়নি। পুলিশ ছাড়াও সহিংস ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা এসব মামলা করেন।
রাজধানীতে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল বিভাগে। কিন্তু কোনো মামলার তদন্ত এতটুকু এগোয়নি। তদন্তের অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, এ নিয়ে তিনি কিছুই বলতে পারবেন না।
ঢাকার ঘটনার পরের দিন ৬ মে হেফাজতে ইসলামের ডাকা সড়ক অবরোধে চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন নিহত হন। এ ঘটনায় হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আরিফ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুই মামলায় ৫৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৪ থেকে ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। আসামিরা সবাই স্থানীয় বিএনপির নেতা-কর্মী এবং হেফাজতের সমর্থক।
বর্তমানে মামলাটির তদন্ত করছেন হাটহাজারী থানার এসআই সেন্টু মিয়া। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, মামলাটির তদন্ত শেষ পর্যায়ে। কিছুদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হতে পারে। তবে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং জানান, হেফাজতে ইসলামের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামে দায়ের হওয়া হত্যা ও বিস্ফোরক মামলায় এখনো আদালতে থানা থেকে তদন্ত প্রতিবেদন আসেনি।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাঁচপুরে সোমবার হেফাজতে ইসলামের নেতা-কর্মীর সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ ও নিহতের ঘটনায় চারটি মামলা হয়েছে। সোনারগাঁ থানার পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করে। এসব মামলার মধ্যে পুলিশ বাদী হয়ে তিনটি এবং অন্য মামলাটি করেন সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত এক বাসমালিক।
মামলার অগ্রগতি জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, উচ্চ মহলের নির্দেশের অপেক্ষায় তদন্ত থেমে আছে।