
রাজবাড়ীতে পদ্মা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে তীর সংরক্ষণের জন্য প্রায় দুই বছর আগে কার্যাদেশ দেওয়া হলেও কাজ শুরু করেননি ঠিকাদার যুবলীগ নেতা। কাজ না করায় সম্প্রতি সেখানে ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে পদ্মাপারের বাসিন্দাসহ শহর রক্ষা বাঁধ।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সদর উপজেলার বরাট ইউনিয়নের পাকুরিয়ায় (লালগোলা) ২০১২ সালে পদ্মা নদীর তীর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। ২০১২-১৩ অর্থবছরে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের জন্য জরুরি ভিত্তিতে নদীর তীর সংরক্ষণের জন্য দরপত্র আহ্বান করা হয়। কুষ্টিয়ার আমলাপাড়া এলাকার মণ্ডল অ্যান্ড কোং ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজের দায়িত্ব নেন বাকিউল গনি ওরফে তুহিন। তিনি স্থানীয় বরাট ইউনিয়ন যুবলীগের সভাপতি। কাজের চুক্তিমূল্য ধরা হয় ২৯ লাখ ৭১ হাজার টাকা। ২০১২ সালের ৬ অক্টোবর থেকে ওই বছরের ২০ নভেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা। পাউবো বাকিউলকে একাধিকবার তাগাদা দিলেও তিনি কাজ করেননি।
এ ছাড়া পাউবো যুবলীগ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি।
কার্যাদেশ দেওয়ার পরেও কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকুরিয়ার বাসিন্দা আবু মুসা বিশ্বাস। তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে পদ্মার ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েক শ মিটার এলাকার গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে লালগোলা হাট, কবরস্থান, মসজিদ ও উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েক শ বসতবাড়ি। ভাঙনের ফলে গুরুতর হুমকিতে রয়েছে শহর রক্ষা বাঁধ। বর্তমানে ভাঙন থেকে বাঁধের দূরত্ব ৩০ থেকে ৪০ মিটার। এ জন্য দ্রুত ব্যবস্থা না নিলে হুমকিতে পড়বে রাজবাড়ী শহর।
জামিরুল বেগম বলেন, ‘প্রতিবছরই অফিসাররা (পাউবোর কর্মকর্তা) নদীভাঙন দেখতে আসেন। তাঁরা নদীভাঙনের বিরুদ্ধে কাজ করা হবে বলে আশ্বাস দেন। কিন্তু কাজের কাজ কিছুই তো দেখতে পাই না।’
ঠিকাদার বাকিউল গনি বলেন, ‘কয়েকজন যৌথভাবে কাজ নিয়েছিলাম। নিজেদের মধ্যে ঝামেলার কারণে কাজটি শুরু করা সম্ভব হয়নি। এতে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।’
জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান জানান, তিনি ইতিমধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। ভাঙনরোধে ব্যবস্থা নিতে পানিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজবাড়ী পাউবোর উপসহকারী প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, ২০১২ সালে কার্যাদেশ দেওয়ার পর ঠিকাদারকে একাধিকবার তাগাদা দেওয়া হলেও তিনি কাজ করেননি। অল্প সময়ের মধ্যে সাড়ে আট লাখ টাকা ব্যয়ে বালুভর্তি ব্যাগ ফেলা হবে।