দুই বছরে কিছুই তো হলো না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মুরাদপুরে কোমরপানিতে হাঁটছেন পথচারীরা। গতকাল বেলা ১টায় তোলা l প্রথম আলো
চট্টগ্রামের মুরাদপুরে কোমরপানিতে হাঁটছেন পথচারীরা। গতকাল বেলা ১টায় তোলা l প্রথম আলো

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। নগরের দখল হয়ে যাওয়া খাল ও নালা-নর্দমা থেকে অবৈধ স্থাপনা অপসারণে কার্যকর অভিযান নেই। ফুটপাতগুলো দখলমুক্ত করা হয়নি। অধিকাংশ সড়ক খানাখন্দে ভরা। যাতায়াতে ভোগান্তি বেড়েছে। দুই বছরে কিছুই তো হলো না। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের দায়িত্ব গ্রহণের দুই বছরেও এসব সমস্যার সমাধান না হওয়ায় নগরবাসী এভাবেই হতাশা প্রকাশ করেছেন। তবে তাঁরা পরিচ্ছন্নতার ব্যাপারে নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট। আজ মঙ্গলবার মেয়রের দায়িত্ব নেওয়ার দুই বছর পূরণ হলো।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় থাকেন ব্যবসায়ী আবু বকর চৌধুরী। মেয়রের কার্যক্রমে হতাশ তিনি প্রথম আলোকে বলেন, বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত রাস্তাটির (আরাকান সড়ক) অবস্থা খুবই খারাপ। ওয়াসার খোঁড়াখুঁড়ি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উড়ালসড়ক নির্মাণের কারণে প্রায় সময় গাড়ির জট লেগে থাকে। সড়কের বিভিন্ন অংশজুড়ে রয়েছে খানাখন্দ। এই রাস্তা দিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও নগরের আগ্রাবাদের শান্তিবাগ এলাকার বাসিন্দা সায়মা আলম প্রথম আলোকে বলেন, মেয়র নাগরিক সুযোগ-সুবিধা বাড়াবেন এই প্রত্যাশা ছিল। তাঁর আমলে রাস্তাঘাটগুলোর উন্নয়ন হবে। কিন্তু গত দুই বছরেও তা হয়নি। তাঁদের এলাকাটি প্রায় সময় পানির নিচে থাকে। রাস্তাঘাটগুলোও ভাঙা। সায়মা আলম আশা প্রকাশ করেন, মেয়র আগামী দিনগুলোতে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দিকে সুদৃষ্টি দেবেন এবং জলাবদ্ধতা থেকে মুক্তি দেবেন।

থই থই পানির মধ্যে চলতে গিয়ে পণ্যবাহী ট্রাক পড়ে গেছে গর্তে। গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এক্সেস রোড থেকে তোলা ছবি l প্রথম আলো
থই থই পানির মধ্যে চলতে গিয়ে পণ্যবাহী ট্রাক পড়ে গেছে গর্তে। গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এক্সেস রোড থেকে তোলা ছবি l প্রথম আলো

সিটি করপোরেশন নগরের খালগুলো দখলমুক্ত করতে কোনো পদক্ষেপ না নেওয়ায় হতাশ দেওয়ানবাজার এলাকার বাসিন্দা চাকরিজীবী শ্যামল ধর। তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচনের আগে মেয়র প্রতিশ্রুতি দিয়েছিলেন খালগুলোর পূর্বের অবস্থা ফিরিয়ে আনার। কিন্তু এখনো পর্যন্ত কোনো খাল দখলমুক্ত করতে পারেনি সিটি করপোরেশন। ফলে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর হয়নি। জলাবদ্ধতার সমস্যাও একই রয়ে গেছে।

নগরের নালা-নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরের হালিশহর আবাসিক এলাকার বাসিন্দা ও শিক্ষিকা নাজমুন নাহার।

নগরের জামালখান ওয়ার্ডের হেম সেন লেনের বাসিন্দা মোহাম্মদ ওয়াজেদ বলেন, গত দুই বছরে নগরের পরিচ্ছন্নতা কার্যক্রমে উন্নতি হয়েছে। তবে ফুটপাতগুলো দখলমুক্ত করতে পারেননি মেয়র।

হালিশহর কে ব্লকের বাসিন্দা রোমেনা আফরোজ গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রায় সময় পানির জন্য ঘরে বন্দী থাকি। আজ (সোমবার) সকালে ঘর থেকে বের হয়েছিলাম। দুপুরের পর পানি ডিঙিয়ে ওদিকে যাওয়া যাচ্ছে না। কবে যে ঘরে যেতে পারব তার ঠিক নেই। এভাবে মানুষ থাকতে পারে না।’