দুই বছরে তিন লক্ষাধিক কর্মী নেওয়ার আশ্বাস কাতারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামি দুই বছরে বাংলাদেশ থেকে তিন লক্ষাধিক কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার। এ জন্য আগামি মাসে ঢাকায় দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে।

কাতারে সফররত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গে আজ বুধবার এক বৈঠকে কাতারের প্রশাসনিক উন্নয়ন ও শ্রমসমাজ বিষয়কমন্ত্রী ইসা সাদ আল-ফাফালি আল নুয়াইমি এ আশ্বাস দেন। সরকারের তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।
বর্তমানে কাতারে বাংলাদেশি শ্রমিকেরা নির্মাণ ও পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করছেন। কাতারের মন্ত্রী বলেন, এখন বিক্রয়কর্মী, নার্স, প্রকৌশলী, চিকিৎসক ও অফিস কর্মচারীও নিতে চায় কাতার।
বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রী গত বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৩ হাজার কর্মী নেওয়ায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিন দিনের সফর শেষে ৬ ফেব্রুয়ারি তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।