দুই বছরে দেশে ১০ হাজার সাইবার অপরাধ সংঘটিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরে দেশে ১০ হাজার ২৬১টি সাইবার অপরাধ ঘটেছে। ২০১৪ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মে পর্যন্ত ১৩ মাসে এসব অপরাধ সংঘটিত হয়। এর মধ্যে ফেসবুক অপরাধ ৪০ শতাংশ, অনলাইন ৭ শতাংশ, পর্নোগ্রাফি ৫ শতাংশ, ক্রেডিট কার্ড ৫ শতাংশ, রাজনৈতিক ৪ শতাংশ, মুঠোফোন ব্যাংকিং ৫ শতাংশ এবং ই-মেইল সংক্রান্ত অপরাধ ১০ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরে অনুষ্ঠিত সাইবার অপরাধবিষয়ক বিভাগীয় পর্যায়ের মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। মতবিনিময় সভা থেকে ফেসবুকে বন্ধু নির্বাচনে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বরিশাল পুলিশ লাইনে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান। উন্নয়ন সংগঠন জাগো নারী এ সভার আয়োজন করে।

সভায় ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান বলেন, ফেসবুকসহ সব পর্যায়ে বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। নতুবা সাইবার অপরাধ থেকে মুক্তি পাওয়া যাবে না। সাইবার অপরাধ থেকে মুক্তি পেতে হলে জনসচেতনতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে কেবল শিক্ষার্থী নয়, সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।

সভায় জানানো হয়, দুই বছরে সাইবার অপরাধ আইসিটি অ্যাক্টে বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলায় ৭২৫টি, ভোলায় ৯৫টি, বরগুনায় ১৩০টি, পটুয়াখালীতে ১৭০টি, ঝালকাঠিতে ১০০টি ও পিরোজপুরে ৭০টি মামলা হয়েছে। সাধারণ মানুষের যথেষ্ট ধারণা না থাকায় এ অপরাধ দ্রুত বাড়ছে।

জাগো নারীর নির্বাহী পরিচালক হোসনে আরার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বরিশালের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে বরগুনা জেলার তিন সংবাদকর্মীকে সাইবার অপরাধবিষয়ক রিপোর্টিংয়ের জন্য সম্মাননা দেওয়া হয়।