দুই বছরে পর্যটন যাবে গার্মেন্টস খাতের পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের পর্যটন খাত গার্মেন্টস খাতের মতো জায়গা করে নিতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ‘পর্যটন সাংবাদিকদের ফেলোশিপ-২০১৬’ সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ওই পর্যায়ে যেতে গণমাধ্যমের বিশেষ সহযোগিতা প্রয়োজন। দেশের পর্যটন খাত সম্পর্কে বিস্তারিত জানা, বোঝা ও প্রকাশ করা দরকার। পর্যটন ফেলোশিপের মধ্য দিয়ে গণমাধ্যমকর্মীরা সে অবদান রাখছেন। মন্ত্রী বলেন, পর্যটনের সঙ্গে প্রচারমাধ্যমের নিবিড় সম্পর্ক রয়েছে। লম্বা ছুটি হলেই মানুষ পর্যটন স্পটে ছুটে যায়। পর্যটনকে মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পর্যটনমন্ত্রী বলেন, পর্যটনের অবকাঠামোগত ব্যবস্থা দেশে অপ্রতুল। যোগাযোগব্যবস্থাও (কানেক্টিভিটি) বেশ দুর্বল। চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে হলে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগে। কোনো রেল যোগাযোগ নেই। সুন্দরবনসহ অনেক পর্যটন স্থানে যোগাযোগব্যবস্থা খারাপ।
অনুষ্ঠানে পর্যটন বিষয়ে প্রতিবেদনের জন্য চারজন মুদ্রণ (পত্রিকা) সাংবাদিক ও ছয়জন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সনদ ও সম্মানী দেওয়া হয়।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্বাহী পরিচালক আখতারুজ্জামান খান, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি নাদিরা কিরণ, সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।