রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে হতাহতের ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও এখনো ১৩২ আসামির মধ্যে ৬৩ জন পলাতক। তবে ইতিমধ্যে এই মামলার বাদীসহ ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।
প্রসঙ্গত বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী অবরোধের সময় ২০১৫ সালের ১৩ জানুয়ারি মধ্যরাতে মিঠাপুকুরের বাতাসন ফতেপুর এলাকায় কুড়িগ্রামের উলিপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে মারা যান পাঁচ যাত্রী। আহত হন অনেকে।
আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এ মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। ইতিমধ্যে মামলার বাদী থানার এসআই আবদুর রাজ্জাকসহ ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মালেক বলেন, ওই মামলায় ১৩২ জন আসামির মধ্যে ৬৯ জন কারাগারে আছেন। ৬৩ আসামি এখনো পলাতক। এ মামলায় ৬০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে।
ওই ঘটনায় ২০১৫ সালের ১৭ মে রংপুরের বিচারিক হাকিম আদালতে মিঠাপুকুরের জামায়াত-শিবিরের ১৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসআই নজরুল ইসলাম। পরবর্তী সময়ে মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর হয়। থানার ওসি হুমায়ুন কবীর বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।