মাসে অন্তত একটি বৈঠক করার বিধান থাকলেও সংসদের বেসরকারি সদস্যদের বিল-সম্পর্কিত কমিটি গত দুই বছরে বৈঠক করেছে মাত্র ছয়টি। কমিটিতে ১২টি বিল জমা পড়লেও পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে মাত্র একটির ব্যাপারে।কমিটির সদস্যদের মতে, অনিয়মিতভাবে বৈঠক অনুষ্ঠানই এ অবস্থার কারণ।সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সাধারণ সদস্যরা নির্ধারিত দিনে আইন প্রণয়নের উদ্দেশ্যে বিল উত্থাপন করতে পারেন। উত্থাপনের পর বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে বিবেচনার জন্য পাঠানো হয়। এখন পর্যন্ত সরকারি দলের সাংসদ সাবের হোসেন চৌধুরী সর্বোচ্চ ছয়টি বেসরকারি বিল উত্থাপন করেছেন। এগুলো হলো—সরকারি ভূমি থেকে বস্তিবাসীদের উচ্ছেদ প্রতিরোধ বিল ২০০৯, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) বিল ২০০৯, সংসদ সদস্য আচরণবিধি বিল ২০১০, কুষ্ঠরোগী-সংক্রান্ত দ্য লেপার্স (রিপিল) অ্যাক্ট ২০১০, পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা বিল ২০১০ ও ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল ২০১০। সংবিধানে পঞ্চদশ সংশোধনীর প্রস্তাব করে বিল উত্থাপিত হয়েছে চারটি। ইমাজউদ্দিন প্রামাণিক, আসলামুল হক ও জুনাইদ আহমেদ সংবিধানের ৪ অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর প্রতিকৃতির পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনের বিধান যুক্ত করার প্রস্তাব করেছেন। আ ক ম মোজাম্মেল হক সংবিধানের ৯, ৫৯ ও ৬০ অনুচ্ছেদে ‘স্থানীয় শাসন’ কথাটি ‘স্থানীয় সরকার’ দিয়ে প্রতিস্থাপনের প্রস্তাব করেছেন। অবশিষ্ট দুটি বিল হলো মুজিবুল হকের জনস্বার্থ বিল ২০১০ (হরতাল আয়োজনে বিধিনিষেধ আরোপের জন্য) এবং রাশেদ খান মেননের খনিজ সামগ্রী রপ্তানি নিষিদ্ধকরণ বিল ২০১০।কমিটি লেপার্স (রিপিল) বিল ২০১০ পরীক্ষা-নিরীক্ষা করে এর প্রতিবেদন সংসদের গত অধিবেশনে উত্থাপন করেছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে একই ধরনের বিল উত্থাপন করায় সাবের হোসেন চৌধুরী তাঁর পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা বিলটি প্রত্যাহার করে নেন।সূত্র জানিয়েছে, সাংসদদের আচরণবিধি-সংক্রান্ত বিলটি কমিটির কাছে অযৌক্তিক মনে হয়েছে। তাঁদের মতে, এ জন্য সংসদের কার্যপ্রণালি বিধিই যথেষ্ট। খনিজ সামগ্রী রপ্তানি নিষিদ্ধ করা এবং সংবিধান সংশোধনসংক্রান্ত বিল দুটি এখনো আলোচনায় স্থান পায়নি। অবশিষ্ট বিলগুলো কমিটিতে পরীক্ষাধীন। সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৮ ধারা অনুযায়ী, প্রতিটি স্থায়ী কমিটি মাসে অন্ততপক্ষে একটি বৈঠক করবে। কিন্তু প্রায় দুই বছরে এই কমিটি এখন পর্যন্ত বৈঠক করেছে মাত্র ছয়টি। এ নিয়ে কমিটির সদস্যদের কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, কমিটির সভাপতি আবদুল মতিন খসরু সময় দিতে পারেন না বলেই নিয়মিত বৈঠক হয় না।অনিয়মিতভাবে কমিটির বৈঠক অনুষ্ঠান সম্পর্কে আবদুল মতিন খসরুর বক্তব্য জানতে চাইলে প্রথম আলোকে তিনি প্রক্রিয়াগত প্রয়োজনীয়তার যুক্তি দেন। সভাপতি বলেন, ‘প্রতিটি বিল পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে সদস্যদের যথেষ্ট হোমওয়ার্ক করতে হয়। এ জন্য অনেক সময় দরকার। হোমওয়ার্ক শেষ হলেই বৈঠক অনুষ্ঠানের নোটিশ দিয়ে থাকি।’ প্রসঙ্গত, বেসরকারি বিল-সম্পর্কিত কমিটি ছাড়াও আবদুল মতিন কার্য-উপদেষ্টা, কার্যপ্রণালি বিধি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য। সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটিরও সদস্য তিনি।সংসদের আগামী অধিবেশনে উল্লিখিত কোনো বিলের ব্যাপারে প্রতিবেদন দেওয়া হবে কি না, জানতে চাইলে কমিটির সভাপতি বলেন, কমিটির আগামী বৈঠকের আগে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।সংসদে উত্থাপিত বেসরকারি বিলের অতীতের চিত্রও হতাশাজনক। সংসদ সচিবালয়ের হিসাব অনুযায়ী, প্রথম থেকে নবম সংসদ পর্যন্ত উত্থাপিত মোট ২৫০টি বেসরকারি বিলের মধ্যে মাত্র ছয়টি শেষ পর্যন্ত আইনে পরিণত হয়েছে। এগুলো হলো—দ্য ডাউরি প্রহিবিশন অ্যাক্ট ১৯৮০, দ্য খুলনা ডেভেলপমেন্ট অথরিটি (সংশোধন) অ্যাক্ট ১৯৮১, বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭, দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রেম্যুনারেশন অ্যান্ড অ্যালাউন্স) (সংশোধন) অ্যাক্ট ১৯৯৩, জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন ২০০১ এবং জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন (রহিতকরণ) আইন ২০০২। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ প্রসঙ্গে বলেন, ওয়েস্টমিনিস্টার পদ্ধতির সংসদীয় ব্যবস্থায় উন্নত গণতান্ত্রিক দেশেও বেসরকারি সদস্যদের উত্থাপিত বিল আইনে পরিণত হওয়ার হার কম। তবে সেই তুলনায়ও উন্নয়নশীল দেশে এর হার নগণ্য।