বর্তমান সরকার প্রথম দুই বছরে ভারতে প্রায় পাঁচ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করেছে। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এ তথ্য দেন।মন্ত্রী বলেন, বর্তমান সরকার ভারতে পণ্য রপ্তানি করে ২০০৯-১০ অর্থবছরে ৩০৪ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় দুই হাজার ১০৫ কোটি টাকা এবং ২০১০-১১ অর্থবছরের গত এপ্রিল পর্যন্ত ৪০২ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় দুই হাজার ৮৩৬ কোটি টাকা আয় করেছে। সাংসদ রেহানা আক্তারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।সরকারদলীয় সাংসদ অপু উকিলের এক প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, পেঁয়াজ ও চিনির সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে গত বছরের এ সময়ের তুলনায় পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। মাঝেমধ্যে চিনির মূল্য হ্রাস-বৃদ্ধি ঘটে। এ নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়।বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেলের বাজারমূল্য গত বছরের এ সময়ের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ভোজ্যতেলের দাম কম। সিন্ডিকেট গড়ে ওঠার ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। এ লক্ষ্যে ২০ জুন থেকে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ-২০১১ কার্যকর করা হবে।জাতীয় পার্টির মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রমজানকে সামনে রেখে আপৎকালীন মজুদ গড়ে তোলার জন্য টিসিবি কাজ শুরু করেছে। এ জন্য ৩০ হাজার টন করে চিনি ও ভোজ্যতেল, দেড় হাজার টন ছোলা এবং এক হাজার টন খেজুর আমদানি করা হবে।পরিবেশের ক্ষতির বিষয়টি উল্লেখ করে নওগাঁর সাংসদ শহীদুজ্জামান সরকার ভারতে ইট রপ্তানি বন্ধ করা যায় কি না, তা জানতে চান। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা ইচ্ছা করলেই কোনো রপ্তানি বন্ধ করতে পারি না। বিশ্ব বাণিজ্য সংস্থার কিছু বিধিবিধান মানতে হয়। তার পরও আন্তমন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি, অচিরেই ইট রপ্তানি বন্ধ করা হবে।’প্রশ্নোত্তর পর্বে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘সাংবাদিকেরা শুধু লিখেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। সাংবাদিকদের বলব, আপনারা সিন্ডিকেট করে আলুর দাম বাড়িয়ে দিন। তাহলে কৃষকের লাভ হয়।’