দুই বছরে সংরক্ষিত বনের ২৫ হাজার গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চরকাই রেঞ্জের ভাদুরিয়া বিটের অধীন সংরক্ষিত বনের গাছ কেটে ভূমি দখল করে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। গত সোমবার রাতে ওই বনের প্রায় এক হাজার আকাশমণি গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত দুই বছরে ওই বন থেকে প্রায় ২৫ হাজার গাছ কেটে নিল দুর্বৃত্তরা। এর আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। একই সঙ্গে দখলে নেওয়া জমিতে চলছে চাষাবাদ। সোমবারের গাছ কাটার ঘটনায় বিট কর্মকর্তা জনাব আলী গত মঙ্গলবার দিনাজপুর বিচারিক হাকিম আদালতে মামলা করেছেন।চরকাই রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার জানান, নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পদুমহার মৌজায় মোট ৮০ একর সংরক্ষিত বন রয়েছে। পদুমহার গ্রামের একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ওই বনভূমি জোর করে দখলে রেখে চাষাবাদ করে। ২০০৫ সালে সরকারি উদ্যোগে ওই জমি উদ্ধার করে বন বিভাগ। এরপর সেখানে এক লাখেরও বেশি আকাশমণি গাছ লাগানো হয়। লাগানোর পর থেকেই ওই চক্র রাতে গাছ তুলে ফেলতে শুরু করে। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুটপাট ও মারধরের অভিযোগে ২০টিরও বেশি মিথ্যা মামলা করে ওই চক্র।ভাদুরিয়া বিট কর্মকর্তা জনাব আলী জানান, বিটের অধীন মোট দুই হাজার ১০০ একর বনভূমি রয়েছে। এই বনভূমি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন একজন কর্মকর্তা (ফরেস্টার), একজন বনপ্রহরী ও একজন পর্যবেক্ষক (ওয়াচার)। ৮০ একর আয়তনের আকাশমণি বাগানটির মোট ৩২ জন উপকারভোগী থাকলেও দুর্বৃত্তদের কারণে তাঁরা বাগান রক্ষায় কোনো ভূমিকা রাখতে পারছেন না। দুর্বৃত্ত প্রভাবশালী চক্রটি বাগানের গাছ সাবাড় করে জমিতে ধান, আলু, গমসহ বিভিন্ন ফসল চাষ করে তা পুনরায় দখলে নেওয়ার চেষ্টা করছে।মঙ্গলবারের মামলায় যাঁদের আসামী করা হয়েছে তারা হলেন পদুমহার গ্রামের জাহিদুল ইসলাম, রেজাউল ইসলাম, তোফাজ্জল হোসেন, আব্দুল মালেক, তজমুল হক, আতাউর রহমানসহ মোট ১৪ জন। আরজিতে বলা হয়, গ্রামের ৫০ থেকে ৬০ জন প্রান্তিক চাষীকে দিয়ে ওই প্রভাবশালীরা বন ধ্বংস করার পাশাপাশি জমিগুলো আবাদ করাচ্ছেন।রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘বন রক্ষায় সহযোগিতার জন্য পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে লিখিত আবেদন করেও কোনো কাজ হয়নি। দুর্বৃত্তদের তৎপরতা দিনে দিনে বেড়েই চলেছে।’তবে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মোতালেব সরকার প্রথম আলোকে বলেন, সংরক্ষিত বনের গাছ কেটে নেওয়া বা বেদখল হওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না।স্থানীয় সাংসদ মো. আজিজুল হক চৌধুরী জানান, বন রক্ষায় বিট কর্মকর্তা তাঁর কাছে লিখিতভাবে সাহায্য চেয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, পদুমহার মৌজায় বন বিভাগের জমি বেদখলের বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় উত্থাপিত হয়েছিল। তবে সোমবার রাতে গাছ কেটে নেওয়ার বিষয়টি তিনি জানেন।