দুই বছরে সাত ইউএনও, এসিল্যান্ড নেই ১৪ বছর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদটি প্রায় ১৪ বছর ও কানুনগোর পদটি চার বছর ধরে শূন্য পড়ে আছে। ফলে ভূমিসংক্রান্ত কাজে উপজেলার বাসিন্দাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এদিকে গত দুই বছরে মাদারগঞ্জে সাতজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি হয়েছেন। ঘন ঘন ইউএনও বদলি হওয়ায় সহকারী কমিশনারের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্যও সার্বক্ষণিক কেউ থাকছেন না। ফলে ভোগান্তির মাত্রা বেড়েছে। সাত দিন ধরে জমির নামজারি (খারিজ) কার্যক্রম বন্ধ রয়েছে।
উপজেলা ভূমি কার্যালয় থেকে জানা গেছে, ১৯৯৯ সালের ২৮ এপ্রিল সহকারী কমিশনার হাছনা জাহান খানম ও ২০০৯ সালে ৩ সেপ্টেম্বর কানুনগো বদলি হয়ে চলে যান। এর পর থেকে পদ দুটি শূন্য রয়েছে। এ ছাড়া একজন চেইনম্যানের পদও শূন্য রয়েছে। অফিস সহকারী পদে পাঁচজনের জায়গায় আছেন মাত্র একজন।
ফলে পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের খাজনা আদায়, ভূমি বন্দোবস্ত, মাসিক সভা, জেলা কার্যালয়ে চিঠি আদান-প্রদান, মাসিক প্রতিবেদন, রেজল্যুশন লেখা, নামজারি (খারিজ), বেতন-ভাতাসহ অন্যান্য দাপ্তরিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে। সাত দিন ধরে জমির নামজারি বন্ধ রয়েছে। ফলে জমি বিক্রি না হওয়ায় সরকার এই খাতে রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে।
সহকারী কমিশনারের পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন ইউএনও। কিন্তু উপজেলায় ঘন ঘন ইউএনও বদলি করা হয়েছে। গত দুই বছরে সাতজন ইউএনওকে বদলি করা হয়েছে। সর্বশেষ গত ২৫ নভেম্বর যোগদান করেন নতুন ইউএনও কামরুজ্জামান। তিনি বলেন, নতুন যোগদান করার পর কাজকর্ম বুঝে উঠতে সময় প্রয়োজন। তাই নামজারি বন্ধ রয়েছে।
উপজেলার চর পাকেরদহ গ্রামের সামাদুল বলেন, ‘জমি বিক্রি করে আমার ছেলেকে বিদেশে পাঠানোর কথা ছিল। কিন্তু জমির নামজারি করতে না পারায় জমি বিক্রি করতে পারছি না।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, ইউএনও বদলি হওয়ায় শুধু নামজারি নয়, টিআর, কাবিখা এবং অন্যান্য দাপ্তরিক কাজেও স্থবিরতা দেখা দিয়েছে।
জেলা প্রশাসক মো. সাহাব উদ্দিন বলেন, একদিকে মাদারগঞ্জে দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) নেই। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বারবার বদলি হওয়ার ফলে মাদারগঞ্জ ভূমি কার্যালয়ে নামজারিসহ সব কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। সহকারী কমিশনারের পদ শূন্য থাকার বিষয়ে সংস্থাপন মন্ত্রণালয়কে জানানো হবে।