দুই বছরে ১০ লাখ বিদেশি পর্যটক আনার লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন
পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দুই বছরের মধ্যে ১০ লাখ বিদেশি পর্যটক আনার লক্ষ্যে কাজ করছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার বিকেলে নগরের স্টেশন রোডে বাংলাদেশ পর্যটন করপোরেশন নির্মিত মোটেল সৈকতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘প্রধানমন্ত্রী ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছেন। আমাদের লক্ষ্য ২০১৬-১৭-এর মধ্যে ১০ লাখ বিদেশি পর্যটক দেশে নিয়ে আসা। সে লক্ষ্যে পর্যটন মন্ত্রণালয় কাজ করছে।’ তিনি বলেন, চট্টগ্রামে সবকিছু থাকলেও অবকাঠামোগত কিছু ঘাটতি ছিল। মোটেল সৈকত নির্মাণের মধ্য দিয়ে সেটার কিছুটা হলেও লাঘব হবে। ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ শেষের পথে। তারপর চট্টগ্রাম-কক্সবাজার চার লেনও পরিকল্পনার মধ্যে আছে। সঙ্গে আছে দোহাজারী থেকে ঘুমধুম পর্যন্ত রেললাইনের কাজ। এসব শেষ হলে পর্যটনে চট্টগ্রাম অনেক এগিয়ে যাবে।
খুব দ্রুত চট্টগ্রাম থেকে কক্সবাজার বেসরকারি বিমান চালু হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, চট্টগ্রাম বিমানবন্দরকে আরও প্রশস্ত করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তানভীর ইমাম, সাবিহা নাহার বেগম এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী।
নগরের স্টেশন রোডে বাংলাদেশ পর্যটন করপোরেশনের দশমিক ৯১ একর জায়গার ওপর নির্মিত ১০ তলা ভবন মোটেল সৈকতে ১৫৩টি কক্ষ আছে। এর মধ্যে ৮টি স্যুইট ও ১৪৫টি ডিলাক্স কক্ষ।