দুই বছরে ১৫ আদিবাসী নিহত নির্যাতনের শিকার ৯৭
গত দুই বছরে দেশে মোট ১৫ জন আদিবাসী নিহত হয়েছেন। তাঁদের নয়জনই নারী, যাঁদের চারজনকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ছাড়া ১০ জন নারী-পুরুষ আটক ও ৯৭ জন নির্যাতনের শিকার হয়েছেন।নিহত আদিবাসীদের মধ্যে পাঁচজন নারীসহ সাতজন পার্বত্য চট্টগ্রামের। তাঁরা নিহত হয়েছেন সেখানে পুনর্বাসিত (সেটেলার) বাঙালি ও সেনাবাহিনীর হাতে। সমতলে নিহত হন চার নারীসহ আটজন আদিবাসী।এই সময়ে ১৩টি আদিবাসী পরিবারকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। মোট ২১৬টি পরিবারের ওপর হামলা, ৫১১টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ৮৭টি বাড়ি ধ্বংস ও লুট করা হয়।বেসরকারি সংস্থা কাপেং ফাউন্ডেশনের তৈরি আদিবাসীদের মানবাধিকার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল শনিবার সকালে রাজধানীর নীলক্ষেতে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।২০০৯ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়। প্রতিবেদন তৈরিতে আর্থিক সহায়তা করেছে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম।অনুষ্ঠানে প্রতিবেদনটি উপস্থাপন করেন কাপেং ফাউন্ডেশনের উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা। প্রতিবেদনে বলা হয়, দুই বছরে ২১৬টি আদিবাসী পরিবারের ভূমি দখলের উদ্দেশ্যে সেসব বাড়িতে হামলা ও লুটপাট করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে স্থানীয় প্রশাসন ও সামরিক বাহিনীর সহায়তায় সেটেলার বাঙালিরা চারবার বড় ধরনের সাম্প্রদায়িক হামলা চালিয়েছে। এতে আদিবাসীদের কমপক্ষে ৫১১টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আহত হয়েছেন ৯৭ জন।প্রতিবেদনে বলা হয়, সুবিচার না পাওয়া, পুলিশের দুর্নীতি, আইনের প্রতি অশ্রদ্ধা, মামলার আলামত সংরক্ষণ না করা, যথাযথ মেডিকেল রিপোর্ট না পাওয়া প্রভৃতি কারণে আদিবাসী নারী অপহরণ ও ধর্ষণের ঘটনা বাড়ছে। তা ছাড়া গত দুই বছরে পাচারকারীদের হাত থেকে ১৬টি শিশুকে উদ্ধার করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি গোলাম রাব্বানী বলেন, দেশে যে বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে, সংবিধান তৈরির সময় সে বিষয়টি উপেক্ষা করা হয়েছিল। এ কারণে সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দেওয়া হয়নি। তিনি বলেন, আদিবাসীদের ভূমি সমস্যার সমাধানে পার্বত্য এলাকার জন্য আলাদা প্রজাস্বত্ব আইন করা উচিত। আর সমতল ভূমির জন্য যে প্রজাস্বত্ব আইন রয়েছে, তারও সংশোধন প্রয়োজন।জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, মানবাধিকার রক্ষায় কীভাবে কাজ করা হবে, গত অক্টোবর মাসে কমিশন তার একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করেছে। ওই পরিকল্পনায় আদিবাসীদের অধিকার রক্ষায় একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। তবে জনবল সংকটের কারণে কমিশন অনেক কিছুই করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।কাপেং ফাউন্ডেশনের চেয়ারপারসন রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডালেম চন্দ্র বর্মণ, সৈয়দ আনোয়ার হোসেন, মেসবাহ কামাল, অক্সফামের দেশীয় পরিচালক গেরেথ প্রাইস জোনস প্রমুখ বক্তব্য দেন।