ছুটি নিয়ে বিদেশ গিয়ে না ফেরাসহ বিভিন্ন কারণে অনির্দিষ্টকাল কর্মস্থলে অনুপস্থিতির জন্য গত দুই বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫২ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। জাতীয় সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।সংসদীয় কমিটির সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, আতিউর রহমান আতিক, আফাজ উদ্দিন আহমেদ, খাদিজা খাতুন ও বেগম জোবেদা খাতুন অংশ নেন। প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।বৈঠকের পর কমিটির সভাপতি মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, সংসদীয় কমিটির কাছে দীর্ঘদিন ধরেই অনেক শিক্ষকের বিদ্যালয়ে উপস্থিত না থাকার অভিযোগ আসে। কমিটি বিষয়গুলো খতিয়ে দেখে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছিল। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে বিষয়গুলো তদন্ত করে ১৫২ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে বলে কমিটিকে জানানো হয়েছে।সভায় চাকরিচ্যুতির কারণে শূন্য হওয়া পদগুলো দ্রুত পূরণ করার সুপারিশ করা হয়। যাতে করে প্রাথমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।জানা গেছে, গত ৪ মে সংসদীয় কমিটির ১৫তম সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছুটি নিয়ে বিদেশ যাওয়া ও স্বাস্থ্য-ছুটি নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে না আসার সমালোচনা করেছিল কমিটি। একই সঙ্গে এসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল।গতকালের সভায় মন্ত্রণালয় থেকে জানানো হয়, সিডর-আক্রান্ত এলাকায় দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় তিন হাজার ৬৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবনে অতিমাত্রায় বন্যাপ্রবণ এবং স্বাভাবিক মাত্রায় বন্যাপ্রবণ এলাকার উপযোগী করে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। যাতে করে যেকোনো দুর্যোগের সময় এগুলো ব্যবহার করা যায়।মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, দেশের দারিদ্র্যপীড়িত এলাকাগুলোতে ‘স্কুল ফিডিং প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় ৮৬টি উপজেলায় এ বছর থেকে ১২ লাখ শিশুর মধ্যে বিস্কুট বিতরণ করা হচ্ছে। এ ছাড়া ২৭ লাখ ২৫ হাজার শিশুর মধ্যে ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা রয়েছে।