ময়মনসিংহ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে প্রায় ২৬ হাজার মামলার জট তৈরি হয়েছে।
ভূমি রেকর্ড সংশোধনের জন্য ২০১২ সালের আগস্টে ট্রাইব্যুনাল গঠনের পর প্রথম এক বছর মামলা কম থাকায় কোনো রকমে চলেছে ট্রাইব্যুনালের কাজ। কিন্তু ২০১৩ সালের আগস্টে বিচারক বদলিজনিত কারণে চলে যাওয়ার পর গত ১১ মাসে এই ট্রাইব্যুনালে ভারপ্রাপ্ত হিসেবে কাজ করেছেন নয়জন বিচারক। ঘন ঘন বিচারক পরিবর্তন এবং লোকবল কম থাকায় মামলা নিষ্পত্তির সংখ্যা কমে যাওয়ায় ট্রাইব্যুনালে সৃষ্টি হয়েছে মামলাজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা।
ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গঠিত হওয়ার পর থেকে যুগ্ম জজ মাসুদ পারভেজ বিচারকের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ২০ আগস্ট তিনি বদলি হওয়ার পর থেকে ১১ মাসে ভারপ্রাপ্ত হিসেবে বিচারকের দায়িত্ব পালন করেছেন মোট নয়জন বিচারক।
ট্রাইব্যুনালে একজন বিচারক, একজন বেঞ্চ সহকারী, একজন স্টেনোগ্রাফার ও একজন জারিকারক আছেন। জানতে চাইলে বেঞ্চ সহকারী মহিউদ্দিন করে বলেন, ‘মাত্র দুই বছর ধরে এখানে কাজ করছি। তাই এখনো সব বুঝে উঠতে পারিনি।’
৬ জুলাই শহরের কাচারিঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, একটি মাত্র কক্ষে (ট্রাইব্যুনালের এজলাস) মামলার নথিপত্র স্তূপ করে রাখা হয়েছে। এর মধ্যেই বসে কাজ করছেন বেঞ্চ সহকারী ও স্টেনোগ্রাফার।
বেঞ্চ সহকারী মহিউদ্দিন জানান, ট্রাইব্যুনাল গঠনের পর থেকে প্রতিবছরই মামলার সংখ্যা বাড়ছে। বর্তমানে মামলা আছে প্রায় ২৬ হাজার। ১১ মাসে ৫০টিরও কম মামলা নিষ্পত্তি হয়েছে।
কয়েকটি মামলার বাদীদের সঙ্গে কথা বলে জানা যায়, মামলা করার তিন থেকে ছয় মাস পর প্রথম শুনানির তারিখ দেওয়া হয়। ধার্য তারিখে অনেক সময় বিচারকের অনুপস্থিতিসহ নানা কারণে শুনানি হয় না। এভাবে কয়েক দফা শুনানির তারিখ বদলাতে বদলাতে অনেকের মামলার বয়স দুই বছরও হয়ে গেছে। ভুক্তভোগী একজন জানান, জমির মালিকের ঠিকানায় ১ নম্বর জিলা স্কুল রোডের পরিবর্তে মাঠ পরচায় ভুলবশত ১ নম্বর জেল মসজিদ রোড ওঠায় তিনি ২০১৩ সালের ২২ জানুয়ারি ট্রাইব্যুনালে মামলা করেন। ৬ জুলাই পর্যন্ত মামলাটির নিষ্পত্তি হয়নি। পর্যাপ্ত লোকবলের অভাব এবং প্রযুক্তিনির্ভরতা না থাকায় মামলার নিষ্পত্তির হার খুবই কম বলে তাঁরা জানান।
ময়মনসিংহ আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা (যুগ্ম সচিব) সাইদুর রহমান খান বলেন, ‘সেটেলমেন্ট সার্ভেয়াররা ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেন না। তার পরও যদি ছোটখাটো কোনো ভুল হয়ে যায় সে ক্ষেত্রে জানালে আমরা ৬০ দিনের মধ্যে সংশোধন করে দিই। আর প্রবাসী ব্যক্তির ক্ষেত্রে বা যৌক্তিক কারণ থাকলে গেজেট না হওয়া পর্যন্ত আমরা সংশোধন করে দিই।’
ভুক্তভোগী জমির মালিকেরা জানান, মাঠ পরচার সামান্য ত্রুটির কারণে জমি কেনাবেচা করা যায় না। ট্রাইব্যুনালে দীর্ঘদিনেও মামলার নিষ্পত্তি না হওয়ায় জমি কেনাবেচা, হস্তান্তর বা খারিজ করা যাচ্ছে না।
ময়মনসিংহ জেলা ও দায়রা জজ নুরুল হুদা প্রথম আলোকে বলেন, বিচারক নিয়োগের জন্য মাস খানেক আগে আইন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।