দুই বছরে ৪২৫ কোটি ডলার বৈদেশিক ঋণ এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের দুই বছরে বিভিন্ন ঋণদানকারী দেশ ও সংস্থার কাছ থেকে ৪২৫ কোটি ৫৫ লাখ ডলারের ঋণ ও অনুদান পাওয়া গেছে। এর মধ্যে ২৮৬ কোটি ৬০ লাখ ডলারের ঋণ ও ১৩৮ কোটি ৯৫ লাখ ডলারের অনুদান।বর্তমান ২০১০-১১ অর্থবছরে ঋণের আসল বাবদ ৭৪ কোটি ৪১ লাখ ৬০ হাজার ডলার এবং সুদ পরিশোধ করা হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ডলার।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর ও সম্পূরক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান। অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকারের সময়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক ঋণদানকারী সংস্থার কাছে ৭৮৪ কোটি ১৭ লাখ ৯০ হাজার ডলারের চুক্তি হয়েছিল।সাংসদ সিরাজুল আকবরের সম্পূরক প্রশ্নে ভারতের কাছ থেকে ১০০ কোটি ডলারের ঋণটি পাওয়া গেছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী সংসদকে জানান, এই ঋণের বিষয়ে সরকার চুক্তিবদ্ধ হয়েছে। কিন্তু এখনো অর্থ পাওয়া যায়নি। বছর শেষে পাওয়া যেতে পারে।সাংসদ অপু উকিলের প্রশ্নের জবাবে আবদুল মুহিত জানান, এক হাজার টাকার নোট বাজেয়াপ্তের কোনো পরিকল্পনা সরকারের নেই। আর এক হাজার টাকার নোটের কারণে ব্যাংকের তারল্য সংকটের বিষয়টি সঠিক নয়।ডলারের বিপরীতে টাকার মূল্যমান শক্তিশালী করতে সরকারের কোনো উদ্যোগ আছে কি না সাংসদ ইস্রাফিল আলমের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০০৪ সাল থেকে মুদ্রার মূল্যমান নির্ধারণের দায়িত্ব বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক মুদ্রাবাজারের অংশীদার হিসেবে টাকার দর ঠিক রাখতে সময়ে সময়ে বাজারে হস্তক্ষেপ করে। কিন্তু দেশের রপ্তানির তুলনায় আমদানি-ব্যয় বেশি হওয়ায় চাহিদা বেড়ে গেছে। সে কারণে টাকার মূল্যমান বাড়ানোর কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এখন দেশের বৈদেশিক মুদ্রার মজুদ এক হাজার কোটি ডলারের বেশি। ফলে টানাপোড়েনের মধ্যে মজুদ রয়েছে মনে হয় না।মীর কাশেম আলীর অর্থ পাচারের ঘটনা তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে পরামর্শক নিয়োগে জামায়াতের নেতা ও ব্যবসায়ী মীর কাশেম আলীর অর্থ পাচারের ঘটনা তদন্ত করা হচ্ছে। চট্টগ্রামের সাংসদ নুরুল ইসলামের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এর বেশি কিছু বলা এ মুহূর্তে ঠিক হবে না।ডাক বিভাগের লোকসান কমেছে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেছেন, সেবার মান উন্নত করায় ডাক বিভাগের লোকসান ৪৮ কোটি টাকা কমেছে। মন্ত্রীর অনুপস্থিতির কারণে তাঁর পক্ষে পরিবেশ ও বন প্রতিমন্ত্র্রী হাছান মাহমুদ বিভিন্ন প্রশ্নের জবাব দেন।সুলতানা বুলবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত পাঁচ বছরের প্রবণতা থেকে দেখা যায়, ডাক অধিদপ্তরের লোকসান ১৪২ কোটি থেকে ৯৪ কোটিতে নেমে এসেছে। আগামী দুই বছরের মধ্যেই এটি লাভজনক হবে।নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ১০ বছর যাবৎ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) একটি অলাভজনক সরকারি প্রতিষ্ঠান ছিল। কিন্তু প্রতিষ্ঠানটি লাভজনক পথে হাঁটছে। গত অর্থবছরে (২০০৯-১০) এটি ১৪ লাখ টাকা মুনাফা করেছে। টেশিসে এখন আইডি (পিএসটিএন) টেলিফোন সেট ও ডিজিটাল মিটার সংযোজন করে বাজারজাতকরণ শুরু হয়েছে। এ ছাড়া ল্যাপটপ, মোবাইল সেট এবং সোলার প্যানেল সংযোজন ও উৎপাদনের কাজ হাতে নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে ল্যাপটপ বাজারজাত করা যাবে।