দুই বছরে ৯৯টি অর্থনৈতিক চুক্তি, সংসদে আলোচনা হয়নি একটিও
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের গত দুই বছরে বিভিন্ন দেশ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে ৯৯টি অর্থনৈতিক চুক্তি হয়েছে। কিন্তু এসব চুক্তির একটি নিয়েও জাতীয় সংসদে আলোচনা হয়নি। আলোচনা হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতেও, যা অতীতেরই ধারাবাহিকতা।সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, ৯৯টি অর্থনৈতিক চুক্তির আওতায় পাঁচ হাজার ৯৪২ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে, যা স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ। অর্থনৈতিক চুক্তির বাইরেও কিছু চুক্তি হয়েছে।সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদে বলা হয়েছে, বিদেশের সঙ্গে সম্পাদিত সব চুক্তি রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে। রাষ্ট্রপতি তা সংসদে পেশ করার ব্যবস্থা করবেন। তবে জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট চুক্তি কেবল সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে নয়াদিল্লি বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দেয়। বলা হয়, ওই অর্থ বাংলাদেশের রেলওয়ের উন্নয়ন, নদী খনন, বন্দর, সেতু ও সড়ক নির্মাণ খাতে ব্যয় হবে। গত বছরের ৭ আগস্ট ভারতের সরকারি মালিকানাধীন এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে ওই ঋণ সহায়তার ব্যাপারে চুক্তি হয়। এ ছাড়া বাংলাদেশ গত বছর ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ), সমুদ্রবন্দর ব্যবহারসংক্রান্ত ট্রান্সশিপমেন্ট, সন্ত্রাস দমন এবং ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরা রাজ্যের সহজ সড়ক যোগাযোগের সুবিধা দিয়ে (ট্রানজিট) চুক্তি স্বাক্ষর করে।২০১০ সালের ২ জুন বাংলাদেশের সঙ্গে ১৮টি উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার যৌথ সহযোগিতা কৌশলপত্র স্বাক্ষরিত হয়। ওই কৌশলপত্রের মেয়াদ ২০১৫ সাল পর্যন্ত। এ ছাড়া চীন শাহজালাল সার কারখানা স্থাপন এবং তৃতীয় প্রজন্মের টেলিযোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার জন্য ৭৮ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে।জাতীয় সংসদ সচিবালয় সূত্র জানায়, এসব চুক্তি নিয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। বিএনপি-দলীয় সাংসদ মাহবুবউদ্দিন খোকন ষষ্ঠ অধিবেশনে সর্বশেষ বাংলাদেশ-ভারত চুক্তি, ভারতকে ট্রানজিট সুবিধা প্রদানসংক্রান্ত চুক্তি, বাংলাদেশের গভীর সমুদ্রবন্দর ভারতের ব্যবহারসংক্রান্ত চুক্তি ও টিফা (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে সংসদে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব দেন। স্পিকার আবদুল হামিদ ওই নোটিশ বাতিল করেন।সূত্র জানায়, অতীতেও বিভিন্ন সরকারের সময়ে বিদেশের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে সংসদে আলোচনা হয়নি।মাহবুবউদ্দিন বলেন, ‘ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি রাষ্ট্রীয় স্বার্থের অনুকূল না কি প্রতিকূল, সাংবিধানিকভাবে তা জানার অধিকার জনগণের আছে। কিন্তু এ নিয়ে সংসদে আলোচনা হয়নি। কমিটির সদস্য হিসেবে আমি ব্যক্তিগতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতেও আলোচনার প্রস্তাব করেছিলাম। সে প্রস্তাবও রাখা হয়নি। অথচ ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে সংসদ এবং কমিটির বৈঠকে ধন্যবাদ প্রস্তাব আনা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়ায় তা নিয়ে সংসদে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপরও আলোচনা হয়েছে।’প্রসঙ্গত, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ উপলক্ষে গত ৮ ডিসেম্বর সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। সরকারদলীয় সাংসদ রহমত আলীর উত্থাপিত এ প্রস্তাবের ওপর ১৪ জন সাংসদ ৮৫ মিনিট আলোচনা করেন।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমেদ প্রথম আলোকে বলেন, ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি নিয়ে আলোচনার ব্যাপারেও সংসদের ভেতরে ও বাইরে জোরালো দাবি উঠেছিল। কিন্তু তা নিয়ে আলোচনা হয়নি। বর্তমান সংসদ তারই ধারাবাহিকতা বজায় রেখেছে। এটি ঠিক নয়। বরং কোনো চুক্তি স্বাক্ষরের পর স্বচ্ছতার জন্য তা নিয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন।জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, রাষ্ট্রপতি সংসদে পেশ করার পর যেকোনো চুক্তি নিয়েই আলোচনা হতে পারে। সে জন্য সংসদের কোনো একজন সদস্যকে নোটিশ দিতে হবে। তবে এ বিষয়ে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই।