চাকমা সার্কেলে গত দুই বছরে ১৩৫ জন নারীকে কার্বারি (গ্রামপ্রধান) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাহাড়ে নারীর ক্ষমতায়নের জন্য এ উদ্যোগকে ইতিবাচক বলছেন নারী অধিকার কর্মী ও হেডম্যানরা (মৌজাপ্রধান)। পার্বত্য চট্টগ্রামের প্রথাগত রীতি অনুযায়ী সামাজিক ও পারিবারিক বিরোধ নিষ্পত্তি করেন কার্বারি, হেডম্যান এবং সার্কেলের প্রধান বা রাজা। এসব পদে নারীর অংশগ্রহণ ছিল খুবই সীমিত।
চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহণ নিশ্চিত হলেও প্রথাগত প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহণ ছিল না। কিন্তু প্রথাগত ব্যবস্থায় বিচার ও সম্পদ রক্ষায় কার্বারিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এমন একটি গুরুত্বপূর্ণ স্তরে নারীদের অংশগ্রহণ প্রয়োজন ছিল।
পার্বত্য চট্টগ্রামের তিনটি সার্কেল। এর মধ্যে রাঙামাটির নয়টি এবং খাগড়াছড়ি জেলার দুটি উপজেলা নিয়ে ‘চাকমা সার্কেল’ গঠিত। চাকমা সার্কেলের ১১টি উপজেলায় ১৭৮টি মৌজায় নারী হেডম্যান আছেন ছয়জন। অন্য দুটি সার্কেলে নারী হেডম্যান তিনজন করে। তবে একই পদে (কার্বারি) ১ হাজার ১৯৭ জন পুরুষ নিয়োজিত আছেন।
সিএইচটি (পার্বত্য চট্টগ্রাম) হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা বলেন, একসময় নারীদের গ্রামপ্রধান বা বিচারকের ভূমিকায় দেখার মতো চিন্তা পাহাড়ি সমাজে ছিল না। বর্তমানে সামাজিক বিচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পুরুষ কার্বারিদের সঙ্গে নারী কার্বারিরাও নিজেদের মতামত দিচ্ছেন। পাশাপাশি হেডম্যানরাও বিচারিক কাজে নারী কার্বারিদের সহযোগিতা নিচ্ছেন।
পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান কার্বারি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তনা খীসা বলেন, ‘গ্রাম বা মৌজার লোকজনের কাছ থেকে আমরা ভালো সহযোগিতা পাই। হেডম্যানরাও আমাদের সহযোগিতা দেন। গ্রামের সালিস বা বিচারে এখন আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়। বিশেষ করে অনেক নারী তাঁদের সমস্যার কথা পুরুষদের সামনে বলতে চান না। তখন আমরা তাঁদের সহযোগিতা করি।’
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, চাকমা সার্কেলে নারী কার্বারি নিয়োগ নারীর অধিকার ও মানবাধিকার নিশ্চিত করছে। তবে শুধু নিয়োগ দিলে হবে না। তাঁদের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
এ বিষয়ে নারী অধিকার কর্মী আইনজীবী সুস্মিতা চাকমা বলেন, প্রথাগত বিচারব্যবস্থায় আগে নারীরা শুধু বাদী বা বিবাদী হিসেবে অংশ নিতেন। আর বিচারক ছিলেন পুরুষ। ফলে কোনো কোনো ক্ষেত্রে নারীদের সংবেদনশীল বিষয়গুলো উপেক্ষিত হতো। এখন নারী কার্বারিরা বিচারকাজে অংশ নেওয়ায় নারীরা স্বচ্ছন্দ বোধ করছেন। পুরুষের সঙ্গে সমতা আনার লক্ষ্যে নারী কার্বারির সংখ্যা আরও বাড়ানো উচিত।