দুই বছরেই জরাজীর্ণ হয়ে পড়েছে ভবন
নড়াইলের কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণকেন্দ্রের ভবনটি নির্মাণের দুই বছর যেতে না-যেতেই জরাজীর্ণ হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। যেকোনো সময় ছাদ ধসে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভবনটির দরজা-জানালার গ্রিলেও মরচে ধরেছে। ভবনটি নির্মাণের সময় নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘সেবা জোরদারকরণ প্রকল্পের’ আওতায় ২০০৭-০৮ অর্থবছরে প্রশিক্ষণকেন্দ্রের ভবনটি নির্মাণ করা হয়। নিম্নমানের উপকরণ দিয়ে ভবনটি নির্মাণ করায় দুই বছর যেতে না-যেতেই ভবনটির বিভিন্ন অংশ খসে পড়তে থাকে। ২০১০ সালে জরাজীর্ণ এ ভবনে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার নোটিশও দেওয়া হয়। কিন্তু তার পরও জীবনের ঝুঁকি নিয়ে কৃষকদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।নাম প্রকাশ না করার শর্তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, প্রশিক্ষণকেন্দ্রের ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় কৃষকদের যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে না। ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে ছাদ ধসে পড়ার আশঙ্কায় প্রশিক্ষণ বন্ধ রাখতে হচ্ছে। এই ভবনে প্রশিক্ষণ দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তা ছাড়া জানালার গ্রিল মরচে ধরে নষ্ট হয়ে গেছে। কৃষি উপকরণ চুরির ভয়ে সেগুলো ভবন থেকে সরিয়ে রাখতে হয়।উপজেলা কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ বলেন, দুই বছর আগে জরাজীর্ণ ভবনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ছবি হরিদাস বলেন, প্রশিক্ষণকেন্দ্রটির অবস্থা খুবই খারাপ। নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে।