দুই বছরেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন হত্যাকাণ্ডের দুই বছরেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। তবে মামলার তদন্ত কর্মকর্তার দাবি, হত্যাকারীরা চিহ্নিত হয়েছে। আগামী মাসের মধ্যে অভিযোগপত্র দেওয়া হতে পারে। এদিকে মামলার আসামিরা মামলা উঠিয়ে নিতে বাদীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।২০১১ সালের ১৫ মার্চ কলেজ ছাত্র সংসদের কার্যালয়ে বিল্লালকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় বিল্লালের বড় ভাই আবুল ফজল ১৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। বর্তমানে সব আসামি জামিনে আছেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন নজরুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) মহসীন হোসাইন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানজিরুল হক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাসিফ আহমেদ, শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তালেবসহ রতন মিয়া, রফিকুল ইসলাম, রফিক তামজীদ, জুয়েল মিয়া, তারেক রশীদ ভূঁইয়া, আরিফুল ইসলাম, সিজন মিয়া, রিজন মিয়া, সিদ্দিকুর রহমান, মিথুন মিয়া। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এজাহারের বাইরে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁরা সবাই বর্তমানে জামিনে আছেন।আবুল ফজল বলেন, ‘আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য আমাকে হুমকি দিচ্ছে। এমনকি আমাকে মেরে ফেলার জন্য পরপর দুবার হামলাও করেছে।’ বাদীকে হুমকি দেওয়া ও তাঁর ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন মামলার আসামি মহসীন হোসাইন।মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক আলী আজম সিদ্দিক বলেন, মামলাটি প্রথমে থানায় ও পরে সিআইডিতে এসেছে। এতে দীর্ঘ সময় পার হয়ে গেছে। তাই অভিযোগপত্র দিতে দেরি হচ্ছে। তিনি বলেন, ‘যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করতে পেরেছি। কিন্তু নেপথ্যে কারা আছে, সেটা এখনো বের করা সম্ভব হয়নি। আশা করছি আগামী এপ্রিলের মধ্যে অভিযোগপত্র দাখিল করতে পারব।’