দুই বছরেও কালভার্ট হয়নি
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি উপজেলার পান্তাপাড়া সেতু ভেঙে ফেলার পর ঠিকাদার দুই বছরেও সেখানে বক্স কালভার্ট নির্মাণ করেননি। আর বক্স কালভার্টটি নির্মাণের আগে যানবাহন চলাচলের সুবিধার জন্য তৈরি করা বিকল্প সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধীনে ২০০৯ সালের অক্টোবরে পান্তাপাড়া সেতু ভেঙে বক্স কালভার্ট করার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান দি রূপসা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। ২০১০ সালের অক্টোবরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। ২০০৯ সালে সেতুটি ভেঙে বিকল্প রাস্তা তৈরি করে ঠিকাদার কাজ বন্ধ করে দেন। এরপর তিন বার অতিরিক্ত সময় নিয়েও বক্স কালভার্ট নির্মাণকাজ শুরু করেননি ঠিকাদার। এদিকে বিকল্প সড়কে খানাখন্দ এবং সড়কটি সরু হওয়ায় এক দিকের যানবাহন থামিয়ে রেখে আরেক দিকের যানবাহন চলাচল করতে হয়। এতে রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হচ্ছে। মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা।যাত্রী মামুন, অদিতি বাড়ৈ বলেন, ‘এখানে এসে বসে আছি। ওপারের গাড়ি আগে আসবে, তারপর আমাদের গাড়ি যাবে। ততক্ষণ বসে থাকতে হবে।’বাসচালক আবুল ফকির, জমির শেখসহ কয়েকজন বলেন, ‘গত দুই বছর ধইরা ব্রিজটা ভাইঙা থুইছে। কী জন্য কাজ করে না, জানি না। বিকল্প সড়কের অবস্থাও খারাপ। মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে।’ঠিকাদারি প্রতিষ্ঠান দি রূপসা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের পক্ষের ঠিকাদার মীর মামুনুর রশীদ বলেন, ‘প্রথমে কাজ শুরু করতে একটু দেরি হয়। সেতু ভেঙে বিকল্প সড়ক করার পর বৃষ্টির কারণে কালভার্টের কাজ শুরু করতে পারিনি।’সওজ মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, ‘জনগণের যাতে আর দুর্ভোগ না হয়, সে দিকটি বিবেচনা করে দ্রুত কাজ শুরু করাব।’