দুই বছরেও চঞ্চল হত্যার রহস্য উদ্ঘাটিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের তরুণ নাট্যকার দিদারুল আলম চঞ্চল হত্যাকাণ্ডের রহস্য দুই বছরেও উদ্ঘাটিত হয়নি। মামলার ভবিষ্যৎ ও বিচার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন চঞ্চলের পরিবারের সদস্যরা।
২০১২ সালের ১৬ জুলাই গভীর রাতে বাসা থেকে বন্ধুদের সঙ্গে বের হয়ে নিখোঁজ হন চঞ্চল। ১৮ জুলাই বন্দর উপজেলার শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা হিসেবে চঞ্চলের লাশ উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফন করে পুলিশ। ১৯ জুলাই লাশের ছবি ও কাপড় দেখে লাশটি চঞ্চলের বলে শনাক্ত করেন তাঁর বড় ভাই জোবায়ের ইসলাম।
চঞ্চল নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন। মাত্র ২০ বছর বয়সেই চঞ্চল একজন সফল নাট্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি নারায়ণগঞ্জ ঐকিক থিয়েটারের একজন সক্রিয় সদস্য ছিলেন।
২০১২ সালের ১৬ জুলাই গভীর রাতে বাসা থেকে বের হন চঞ্চল। ওই দিন রাত তিনটায় চঞ্চল, তাঁর বন্ধু মীম প্রধান, রাকিব ও শফিক একত্রে শহরের ২ নম্বর রেলগেট এলাকার একটি দোকানে চা-নাশতা খেয়েছিলেন। চঞ্চলের মুঠোফোনে রাত তিনটা নয় মিনিটে সর্বশেষ কল করেছিলেন মীম প্রধানের আত্মীয় মেহেদী হাসান। এর পর থেকে চঞ্চল নিখোঁজ হন।
চঞ্চলের ভাই জোবায়ের ইসলাম জানান, চঞ্চল হত্যা মামলার আসামি মীম প্রধান ও রাকিবকে র্যাব-১১ গ্রেপ্তার করে। কিন্তু সন্দেহভাজন মেহেদী হাসানকে আজও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মেহেদী চঞ্চলের সহপাঠী ছিলেন এবং তিন মীম প্রধানদের বাড়িতে থাকতেন। তিনি বলেন, ‘ওই সময় বন্দর থানার ওসি আক্তার হোসেন (সম্প্রতি তাঁকে সাত খুনের ঘটনায় ফতুল্লা মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়), পরে ডিবি পুলিশের ওসি দেলোয়ার হোসেন ও তৎকালীন সহকারী পুলিশ সুপার (ক অঞ্চল) গোলাম আজাদ খান আমাদের বলেছিলেন, হত্যাকাণ্ডের মোটিভ তাঁরা শনাক্ত করেছেন। আমাদের ধৈর্য ধরতে বলেছিলেন তাঁরা। কিন্তু রহস্যজনক কারণে তাঁরা মোটিভ জানাননি।
জোবায়ের ইসলাম বলেন, তাঁর রাজনীতি করতেন না। তবে নিহত হওয়ার আগে ২০১১ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তিনি মেয়র প্রার্থী আইভীর পক্ষে কাজ করেছেন। তাই তাঁদের ধারণা, চঞ্চলের খুনের সঙ্গে নারায়ণগঞ্জের প্রভাবশালী কোনো রাজনীতিবিদ জড়িত। তাই পুলিশ এই খুনের রহস্য উদ্ঘাটনে আন্তরিক নয়।
মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মাজহারুল ইসলাম বলেন, তিনি অল্প কয়েক দিন হলো দায়িত্ব পেয়েছেন। তিনি রহস্য উদ্ঘাটনে সর্বাত্মক চেষ্টা চালাবেন। তবে জোবায়ের ইসলাম অভিযোগ করে বলেন, নতুন তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করতে তাঁরা ডিবি পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন। কিন্তু ওই কর্মকর্তা তাঁদের সঙ্গে দেখা করেননি।
চঞ্চলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে, আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের মানববন্ধন; বিকেলে চঞ্চলের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল এবং শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে চঞ্চল স্মৃতি সংসদের মানববন্ধন।