দুই বছরেরও বেশি সময় আগে ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। ২৫০ শয্যার হাসপাতালের প্রশাসনিক অনুমোদন হয়েছে প্রায় চার বছর এবং পদ সৃষ্টির কাজটিও করা হয়েছে দুই বছর আগে। কিন্তু ভবনটি হস্তান্তর না হওয়া, শয্যা, ওষুধ, আসবাবের জন্য বরাদ্দ না পাওয়া এবং জনবল নিয়োগ না দেওয়ায় মৌলভীবাজারে ২৫০ শয্যার হাসপাতালটি চালু হচ্ছে না।এদিকে মৌলভীবাজার আধুনিক হাসপাতালে ১০০ শয্যার অবকাঠামোতেই চলছে ২৫০ শয্যার কাজ। অথচ পুরোনো ভবনের পাশেই নজরকাড়া দালানটি অব্যবহূত অবস্থায় দাঁড়িয়ে আছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মৌলভীবাজারের দেওরাছড়ার সাজ্জাদ মিয়া (২৮) মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের পুরুষ ওয়ার্ডের মেঝের শয্যায়। তিনি প্রথম আলোকে বলেন, ‘পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আইছলাম (এসেছিলাম)। সিট না থাকায় নিচে দিছে। কইছে (বলেছে) পরে সিট দিব।’ প্রায় প্রতিদিনই পুরুষ, নারী ও শিশু ওয়ার্ডে এ রকম মেঝের শয্যায় শুয়ে থাকা রোগীর দেখা মেলে। টিকিট কাউন্টার, তথ্যকেন্দ্র ও চিকিৎসকদের কক্ষের সামনেও প্রচণ্ড ভিড়। ভ্যাপসা, উৎকট গন্ধে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসও কঠিন হয়ে পড়ে। হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন বহির্বিভাগে ছয় থেকে সাত শ রোগী, জরুরি বিভাগে প্রায় দেড় শ রোগী, অন্তর্বিভাগে ১৬০ থেকে ১৭০ জন রোগী ভর্তি থাকছে। ১০০ শয্যার সুযোগ-সুবিধার মধ্যে অন্তর্বিভাগে ভর্তি হওয়া রোগীদের মেঝেতে শয্যা করে দেওয়া হচ্ছে। এর মধ্যে আছে রোগীদের আত্মীয়স্বজনের ভিড়।হাসপাতাল ও গণপূর্ত বিভাগ সূত্র জানায়, গণপূর্ত বিভাগ ২০০৫ সালের ১৬ মে থেকে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করে। ২০১০ সালের জুন মাসে ভবনের অবকাঠামোগত নির্মাণকাজ শেষ হয়। পরে হাসপাতালের দাবি অনুযায়ী পুরোনো ভবনের সঙ্গে সংযোগ বারান্দা (লিংক করিডর) এবং গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এতে ভবন নির্মাণে সম্পূর্ণ ব্যয় হয়েছে ১২ কোটি ২০ লাখ টাকা। এদিকে গত বছর (২০১১) জুন মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) নতুন ভবনটিতে বিদ্যুৎসংযোগ দেয়। এতে বিদ্যুৎ ব্যবহার না করলেও ন্যূনতম বিল এসেছে ছয় লাখ টাকার ওপর। ভবনটি গ্রহণ না করায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে এই বিল পরিশোধ করার সুযোগ নেই। তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রেখেছে। গণপূর্ত প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘ভবনটির কাঠামোগত সব কাজ ২০১০ সালের জুনেই শেষ হয়েছে। এরপর লিংক করিডর, গভীর নলকূপের কথা বলা হয়েছে। সেটা করে দেওয়া হয়েছে। এখন এটি চালু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু জনবল নেই, বরাদ্দ নেই, উদ্বোধন হয়নি বলে হাসপাতাল কর্তৃপক্ষ ভবনটি গ্রহণ করছে না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভবন গ্রহণের জন্য তত্ত্বাবধায়ককে চিঠি দিয়েছি।’হাসপাতাল সূত্র জানায়, মৌলভীবাজার সদর আধুনিক হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে ২০০৮ সালের ২৬ নভেম্বর ২৫০ শয্যার হাসপাতাল হিসেবে প্রশাসনিক অনুমোদন পায়। ২০১০ সালের ২২ মার্চ হাসপাতালের অনুকূলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ৯৮টি এবং ওয়ার্ডবয়, আয়া, দারোয়ান-নিরাপত্তা প্রহরী, পাচক-মশালচি, ইলেকট্রিশিয়ান, এমএলএসএস, মালী ও পরিচ্ছন্নতাকর্মীর ৪৯টি চতুর্থ শ্রেণীর পদ সৃষ্টি করা হয়েছে। চতুর্থ শ্রেণীর এই পদগুলো ‘আউট সোর্সিং’-এর মাধ্যমে ঠিকাদার দ্বারা পূরণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত ২৯ জন চিকিৎসকের বিপরীতে তত্ত্বাবধায়কসহ নিয়োগ দেওয়া হয়েছে পাঁচজন। চিকিৎসকেরা এখনো বেতন পাননি। অপরদিকে ৪১ জন সেবিকার বিপরীতে নিয়োগ দেওয়া হয়েছে তিনজন। এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তৃতীয় শ্রেণীর ১২টি পদের ছাড়পত্র দেওয়া হয়নি। চতুর্থ শ্রেণীর ৪৯টি পদের বরাদ্দ মেলেনি। বরাদ্দ মেলেনি শয্যা, আসবাব, বিছানা, ওষুধ, যন্ত্রপাতি ও পথ্যের। এ ছাড়া রন্ধনশালাটিও ১০০ শয্যার উপযোগী। যা দিয়ে ২৫০ শয্যার হাসপাতাল চালানো অসম্ভব হবে।২৫০ শয্যার হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) দীনেশ সূত্রধর সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘ভবনটি এখনো আমাদের কাছে হস্তান্তর হয়নি। ১০০ শয্যার জনবল দিয়ে হাসপাতাল চলছে। পরিসর ছোট হওয়ায় প্রতিদিন রোগীর উপচে পড়া ভিড়। মেঝের মধ্যে শয্যা করে দিতে হচ্ছে। ভবনটির খুব সামান্য কাজ বাকি। আসবাব, শয্যা, ওষুধ, পথ্য ইত্যাদির বরাদ্দ পেলে শিগগিরই হাসপাতালটি চালু করা যাবে।’ তত্ত্বাবধায়ক জানান, প্রয়োজনীয় বরাদ্দের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের কাছে তিনি চিঠি দিয়েছেন।শিগগিরই চালুর দাবি: এদিকে গত ২৬ জুন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, ন্যাপ ও গণতন্ত্রী পার্টি যৌথভাবে এক সমাবেশ ও হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দিয়ে অবিলম্বে ২৫০ শয্যার হাসপাতাল শিগগিরই চালুর দাবি জানিয়েছে। জেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরাম গত ৩০ জুন মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবি জানায়। তারা বলেছে, দীর্ঘদিন ধরে নবনির্মিত ভবনটি উদ্বোধনের অপেক্ষায় আছে। নতুন ভবন উদ্বোধন না হওয়ায় ২৫০ শয্যার হাসপাতাল চালু হচ্ছে না। শয্যার অভাবে রোগীদের মেঝেতে রাখা হচ্ছে। এতে হাসাপাতালের পরিবেশ বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে।