দুই বছরেও চালু হয়নি কমিউনিটি ক্লিনিক

প্রায় দুই বছর হলো ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় লোকবল, সরঞ্জাম প্রস্তুত রেখেছে। কিন্তু ভবন হস্তান্তর না হওয়ায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকটি চালু হয়নি। এতে এলাকার গরিব মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুর দোকান এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণের দরপত্র আহ্বান করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ১২ লাখ টাকায় ভবন নির্মাণের দায়িত্ব পায় সিলেটের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় দুই বছর হয়েছে ক্লিনিক ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ভবন হস্তান্তর না করেই চলে যায়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগ ওই ক্লিনিকটির জন্য একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগ দিয়েছে। বর্তমানে উপজেলার টেংরা ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিকের শূন্যপদে ওই সিএইচসিপি কাজ করছেন। ক্লিনিকটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ওষুধসহ যাবতীয় সরঞ্জাম। কিন্তু ভবনটি উপজেলা স্বাস্থ্য বিভাগ বুঝে না পাওয়ায় চালু করা সম্ভব হচ্ছে না। এতে কমিউনিটি ক্লিনিকের নির্ধারিত এলাকার ছয় সহস্রাধিক মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
পাঁচগাঁও ইউপির চেয়ারম্যান মিহির কান্তি দাস মঞ্জু বলেন, ‘আমি অনেকবার উপজেলা সমন্বয় কমিটির সভায় কমিউনিটি ক্লিনিকটি চালু করার জন্য আলোচনা করেছি। কিন্তু এখনো এটি চালু হচ্ছে না।’ রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পার্থ সারথি দত্ত বলেন, ভবনটি হস্তান্তরের জন্য স্বাস্থ্য প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়েছে। ভবন যেদিন হস্তান্তর করা হবে, সেদিন থেকেই এটি চালু হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী প্রকৌশলী আনিছুর রহমান বলেন, ‘কাজ প্রায় শেষ। শুধু অ্যাপ্রোচ রোড হয়নি। আমরা ঠিকাদারের খোঁজ করেছি। ঠিকাদার আসবে বলেছে। যতটুকু কাজ অপূর্ণ আছে, তা পূর্ণ করে ভবনটি হস্তান্তর করা হবে।