দুই বছরেও চালু হয়নি বিদ্যুৎ লাইনটি
কাজ শেষ হওয়ার পর দুই বছর পার হলেও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের পাঙ্খারবাজার-একরাম মার্কেট পল্লী বিদ্যুৎ লাইনটি চালু করা হয়নি। এতে বিদ্যুৎ লাইন নির্মাণে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় হলেও এর সুফল পাচ্ছে না স্থানীয় সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, পাঙ্খারবাজার থেকে একরাম মার্কেট পর্যন্ত পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভিএ লাইন নির্মাণ করার পাশাপাশি শাখা লাইন নির্মাণের কাজও শেষ হয়ে আছে। কিন্তু লাইনটি চালু না হওয়ায় বিদ্যুতের আলো থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।
মধ্যম চরবাগ্গার ছিদ্দিক মেম্বারের দোকান এলাকায় কথা হয় স্থানীয় বাসিন্দা আবুল হোসেনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘এলাকায় বিদ্যুতের লাইন বসাতে দেখে খুবই খুশি হয়েছিলাম। এলাকার অনেকেই ঘরে ওয়্যারিংও করে রেখেছেন। কিন্তু প্রায় দুই বছর আগে বিদ্যুৎ লাইন নির্মাণ করা হলেও চালু করার খবর নেই।’
পল্লী বিদ্যুৎ সমিতির সোনাপুর আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, ৯ কিলোমিটার দীর্ঘ ওই বিদ্যুৎ লাইন থেকে সংযোগ নেওয়ার জন্য প্রাথমিক আবেদন করেছেন ৩০৯ জন। দুটি রাইসমিল, দুটি করাতকল ও দুটি মৎস্য খামারে বিদ্যুৎ সংযোগের জন্যও প্রাথমিক আবেদন করা হয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী রাইসমিল, করাতকল ও মৎস্য খামারের জামানতের টাকা জমা না হওয়ায় লাইনটি চালু করতে দেরি হচ্ছে।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শংকর লাল দত্ত প্রথম আলোককে বলেন, সুবর্ণচরের পাঙ্খারবাজার-একরাম মার্কেট এলাকার বিদ্যুৎ লাইনটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই লাইনটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।