দুই বছরেও চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ফুডকোর্টটি দুই বছরেও চালু করতে পারেনি ডিএনসিসি। সেখানে ঘুমাচ্ছে ভবঘুরেরা। ভরে গেছে ময়লা–আবর্জনায়। গতকাল বনানীতে।  ছবি: প্রথম আলো
ফুডকোর্টটি দুই বছরেও চালু করতে পারেনি ডিএনসিসি। সেখানে ঘুমাচ্ছে ভবঘুরেরা। ভরে গেছে ময়লা–আবর্জনায়। গতকাল বনানীতে। ছবি: প্রথম আলো

প্রকৌশল ও সম্পত্তি বিভাগের ঠেলাঠেলিতে আটকে আছে কার্যক্রম। চালু হওয়ার আগেই মলিন দশা।

প্রায় দুই বছর আগের লাগানো ছোট ছোট হাসনাহেনা, টগর, নিম ও সৌন্দর্যবর্ধনকারী গাছগুলো বেশ বড় হয়ে গেছে। ফুলও ফুটেছে কয়েকটি গাছে। বাঁশগুলো বেড়ে বেশ ঘন ঝাড়ে পরিণত। সীমানাপ্রাচীর ছাপিয়ে উঠেছে সেগুলোর মাথা। অযত্নে ভেতরের লাল ইটের দোকানগুলোর রং ফ্যাকাশে। প্রচুর আবর্জনা জমেছে। দুর্গন্ধময় আরণ্যক পরিবেশ। বনানী কাঁচাবাজার ও কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে তৈরি করা এই ফুডকোর্টটি প্রকৌশল বিভাগ ও সম্পত্তি বিভাগের ঠেলাঠেলিতে এখনো চালু করতে পারেনি ডিএনসিসি।

বনানীর বাণিজ্যিক এলাকায় নাগরিক পরিসর বিশেষ নেই। এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। জনসাধারণ আড্ডার পাশাপাশি মনোরম খোলামেলা পরিবেশে খাবার গ্রহণ করতে পারেন সেই কথা চিন্তা করে প্রয়াত মেয়র আনিসুল হক এই ফুডকোর্টটি তৈরির উদ্যোগ নেন।

গতকাল বুধবার গিয়ে দেখা যায়, বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বনানী কাঁচাবাজার ও কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশের প্রধান সড়ক লাগোয়া বিশাল এলাকা টিনের বেড়া দিয়ে ঘেরা। টিনের বেড়া ঘেঁষে ফুডকোর্টের বাইরে চা-সিগারেট, ফলমূলের পসরা বসিয়েছেন হকাররা। দেয়ালের দক্ষিণ দিকে একটি ছোট প্রবেশপথ। ফুডকোর্টের ভেতরও একটি চায়ের দোকান চালাচ্ছেন মিজানুর রহমান গাজী। তিনি নিজেকে ফুডকোর্ট নির্মাতা প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী বলে পরিচয় দেন। চায়ের দোকানের ক্রেতারাও বসছেন ফুডকোর্টের সীমানার ভেতরে। চারপাশে ময়লা-আবর্জনা। কোর্টের ভেতরে ঢুকতেই পচা দুর্গন্ধ নাকে আসে। উত্তর অংশে একটি মাংস কাটার চাটাই ফেলে রাখা আছে। পুরো কোর্টের ভেতরটা ঝরে পড়া বাঁশপাতায় ছেয়ে গেছে। কোর্টের মাঝখানে ব্যাডমিন্টনের কোর্ট পাতা হয়েছিল। সেগুলোর বাতি আছে। আর আছে ছেঁড়া নেট। বনানী কাঁচাবাজারের নিচতলায় থাকা মুরগি ও মাংসের দোকানের দুর্গন্ধ এই ফুডকোর্টে আসে। ভেতরে প্রায় ১৫ দিন ধরে একটি খাবারের হোটেলের রান্নার কাজ চলছে। আশপাশের দোকানি, পথচারীরা ভেতরে এসে বসে ধূমপান করেন। ফুডকোর্টের ভেতর বিভিন্ন জায়গায় ভবঘুরে গোছের কতিপয়কে ঘুমাতেও দেখা যায়।

বনানী কাঁচাবাজার ও কমিউনিটি সেন্টারের পাশে গাড়ি পার্কিংয়ের জায়গায় দুই কোটির বেশি টাকা ব্যয়ে এই ফুডকোর্টটি তৈরি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রকৌশল বিভাগ। নকশা করেছেন স্থপতি কাসেফ চৌধুরী। ফুডকোর্টের মূল অবকাঠামোগুলো বেশ দৃষ্টিনন্দন। পুরো অবকাঠামো তৈরি করা হয়েছে লাল রঙের টাইলস ও ইট দিয়ে। বসার বেঞ্চগুলোও লাল ইটের। নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ধরনের ফুলগাছ, সৌন্দর্যবর্ধনকারী গাছ রোপণ করা হয়েছে। নির্মাণ করেছে এসএম কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় এক বিঘা জায়গার ওপর ২০১৬ সালের ২০ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। শেষ হয় পরের বছরের ৩০ অক্টোবর। এখানে চারপাশে আটটি রেস্তোরাঁ আর বসার জায়গার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি রেস্তোরাঁর সামনে রয়েছে পর্যাপ্ত খোলা জায়গা। রেস্তোরাঁর খাবার প্রস্তুতের ঘরগুলোও শৈল্পিকভাবে গড়ে তোলা হয়েছে।

নির্মাণকাজ শেষ হওয়ার এক বছর পর গত বছরের অক্টোবরে ফুডকোর্টটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। ধুলা-ময়লা জমে লাল রং ফ্যাকাশে হয়ে যাওয়া ইট ঘষা-মাজা করে পরিষ্কার করেন শ্রমিকেরা। তবে সে পর্যন্তই, চালু হয়নি ফুডকোর্টটি। এখন আবার ফুডকোর্টটি আবর্জনায় ভরে গেছে।

ফুডকোর্ট প্রকল্পের পরিচালক ও ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৩) খন্দকার মাহাবুব আলম বলেন, এটি বুঝে নেওয়ার জন্য প্রকৌশল বিভাগ থেকে সম্পত্তি বিভাগে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা কেন এটি চালু করছে না তা তিনি জানেন না।

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘ডিএনসিসির প্রকৌশল বিভাগের কাছ থেকে এই ফুডকোর্ট আমরা বুঝে নিইনি। তারা ফাইল দিয়েছিল, তা ফেরত পাঠানো হয়েছে। কারণ, এখানে সিভিল বিভাগের কাজ, বিদ্যুতের কাজ বাকি আছে।’

এ বিষয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ফুডকোর্টটির ব্যাপারে জেনেছি। ব্যবহার হচ্ছে না বলে এটি নষ্ট হয়ে যাচ্ছে। শিগগিরই এটি চালু করার বিষয়ে ডিএনসিসির সংশ্লিষ্টদের নিয়ে সভা করব। এই ফুডকোর্টে যাতে সব শ্রেণি-পেশার মানুষ আসতে পারে এবং সেবা নিতে পারে সে ব্যবস্থা করা হবে।’