দুই বছরেও চালু হয়নি নৌ চলাচল পূর্বাভাস কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরায় দুর্ঘটনা হ্রাসের লক্ষ্য নিয়ে অভ্যন্তরীণ নৌচলাচল পূর্বাভাসকেন্দ্র নির্মিত হয় দুই বছর আগে। কিন্তু আজও এর কার্যক্রম শুরু হয়নি। এলাকাবাসীর অভিযোগ, এটি চালু হলে কিছুদিন আগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে মনপুরা-চরফ্যাশনের বিপুলসংখ্যক জেলেকে এত ক্ষয়ক্ষতির মুখে পড়তে হতো না। মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অহিদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ে প্রায় নয় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আট হাজার ঘরবাড়ি, অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান, এক হাজার নৌকা ও ৫০ হাজার গাছ। মারা গেছে ৩০০ গবাদিপশু ও চার হাজার হাঁস-মুরগি। মনপুরা উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টার হাটের শাজাহান (৪৫) অনেক বছর ধরে নদীতে মাছ ধরেন। তাঁর কথায়, ‘সারা দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। নদী ছিল উত্তাল। এমন মৌসুমে ইলিশ পাওয়া যায় বেশি। এ চিন্তা করে নদীতে নৌকা ভাসিয়েছিলেন মাঝি (নৌকার প্রধান)। রাত দুইটার পর পানির তোড়ে নৌকা ডুবে যায়। পরে অচেতন অবস্থায় ধানখেত থেকে লোকজন আমাকে উদ্ধার করে।’ঝড় দেখেও নদীতে মাছ ধরতে গেলেন কেন—প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা সিগন্যাল শুনি নাই। আমরা টিভিতে, রেডিওতে সিগন্যাল শুনি। উপজেলা পরিষদ থেকে মাইকিং শুনি। কই এবার তো কেউ এ রকম কিছু করে নাই। মনপুরায় একটা আবহাওয়া অফিস হয়েছে শুনেছি, সেখান থেকেও কিছু বলেনি।’ ভোলার বিভিন্ন মাছঘাটে খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিন রাতে ভোলার প্রায় ১৫ হাজার মাছধরা নৌকা সাগর মোহনা মেঘনায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। মনপুরা হাজীরহাট মাছঘাটের শাহ আলম, আবদুল মালেক, আবুল কালাম, হাফেজ ও রামনেওয়াজ মাছঘাটের আবদুল রহিমসহ শতাধিক জেলের ভাষ্য, তাঁরা সতর্ক সংকেত পেলে ওই সময় নদীতে মাছ ধরতে যেতেন না। হাজীরহাট-চর ফয়জুদ্দিন সড়কের পাশে পূর্বাভাসকেন্দ্রটিতে সম্প্রতি গিয়ে চারজন কেয়ারটেকারের দেখা মেলে। এলাকাবাসীর অভিযোগ, কেন্দ্রের প্রধান ফটকটি সারা দিনই বাইরে থেকে তালাবদ্ধ থাকে। রাতে ভেতরে আড্ডা চলে। গণপূর্ত অধিদপ্তরের ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মানিকলাল দাস বলেন, ‘হাজিরহাট ইউনিয়নে ২০১০ সালের জুনে দেড় একর জমির ওপর এক কোটি ৭ লাখ টাকায় পূর্বাভাসকেন্দ্রটি নির্মিত হয়। তার পর থেকে সেটি বেকার পড়ে আছে।’ কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক মো. মজিদুল প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির অভাবে কেন্দ্রটি চালু হচ্ছে না।’