১০০ শয্যার কক্সবাজার সদর হাসপাতালকে দুটি লিফটের কারণে আড়াই শ শয্যায় উন্নীত করা যাচ্ছে না। এক বছর আগে তিনতলাবিশিষ্ট এই হাসপাতাল ভবনের ওপরে আরও অতিরিক্ত দুতলা ভবন নির্মাণ করা হলেও বর্তমানে এটি কোনো কাজে আসছে না।সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় স্থাপিত শিশু, ডায়রিয়া, পুরুষ, মহিলা ও গাইনি ওয়ার্ডে রোগীদের ভিড় অত্যধিক। ৩০ জনের শিশু ওয়ার্ডে প্রতিদিন গড়ে ৮০, ডায়রিয়া ওয়ার্ডে ৬০ এবং গাইনিসহ অন্যান্য ওয়ার্ডে ৬০ জন করে রোগী ভর্তি থাকেন। জায়গার অভাবে একটি শয্যায় কয়েকজন করে রোগী রাখতে হচ্ছে। ২৫০ শয্যায় উন্নীত করার জন্য হাসপাতালের ওপরে চতুর্থ ও পঞ্চমতলা ভবন নির্মাণ করা হলেও লিফটের কারণে সেসব ভবন চালু করা যাচ্ছে না। লিফট ছাড়া রোগীদের ওপরে ওঠানামা করানো কষ্টকর।সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালে দুটি লিফট বসানোর জন্য আড়াই বছর আগে ঢাকার ঠিকাদার প্রতিষ্ঠান আজিজ অ্যান্ড কোম্পানিকে নিয়োগ দেওয়া হয়। লিফট দুটি স্থাপনের সময় দেওয়া হয় পাঁচ মাস। অর্থাৎ ২০০৮ সালের ২৩ মার্চের আগে এই লিফট দুটি বসানোর কথা। কয়েক মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি লিফট নিয়ে এলেও নিম্নমানের হওয়ায় এসব বসাতে দেওয়া হচ্ছে না। গণপূর্ত বিভাগ লিফট দুটি কেনার জন্য ৫৩ লাখ টাকা বরাদ্দ দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার গণপূর্ত বিভাগের এক কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলী, অথবা অন্য কোনো বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর অনুমতি সাপেক্ষে লিফট দুটি কেনার শর্ত থাকলেও ঠিকাদার তা অমান্য করে চীন থেকে নিম্নমানের দুটি লিফট নিয়ে আসেন। এসব লিফট স্থাপনের পর পরই বিকল হয়ে যেতে পারে। তাই লিফট দুটি গ্রহণ করা হচ্ছে না।এ প্রসঙ্গে কথা বলার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। গণপূর্ত বিভাগের কক্সবাজার নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম জানান, বারবার তাগাদা দেওয়ার পর সম্প্রতি ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা নতুন দুটি লিফট কিনতে চীন গেছেন। তাঁদের সঙ্গে গণপূর্ত বিভাগের একজন প্রকৌশলীও আছেন।